
রক্ষণশীল কাভানহ মার্কিন সুপ্রিম কোর্টের নতুন বিচারক
রূপসী বাংলা ডেস্ক:রক্ষণশীল ব্রেট কাভানহকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নতুন বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প তার মনোনীত নতুন বিচারককে ‘মেধাবি আইনজ্ঞ’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।
ব্রেট কাভানহ সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপদেষ্টা ছিলেন। তাছাড়া তিনি ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আপিল আদালতের বিচারকের দায়িত্ব পালন করছিলেন।
নতুন এই সিদ্ধান্ত গর্ভপাত, অস্ত্র নিয়ন্ত্রণ ও অভিবাসনসহ নীতি প্রায় প্রতিটি ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনকে সুবিধা এনে দেবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ট্রাম্পের এটি দ্বিতীয় নিয়োগ।গত বছর ৫০ বছর বয়সী নেইল গোরসাচকে বেছে নিয়েছিলেন তিনি, যাকে এখনই সুপ্রিম কোর্টের সবচেয়ে কট্টর বিচারক হিসেবে বিবেচনা করা হয়। বিচারকদের মেয়াদ কার্যত আজীবন হওয়ায় তুলনামূলকভাবে তরুণ এ বিচারককে মনোনয়ন দিয়ে ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছেড়ে দেয়ার পরও এক প্রজন্ম ধরে যুক্তরাষ্ট্রের ধরন নির্ধারণের সুযোগ পেলেন।
ট্রাম্প বলেন, ‘বিচারক কাভানহের আছে অসাধারণ ব্যক্তিত্ব, অতুলনীয় যোগ্যতা ও আইনের মাধ্যমে সমতার বিচার নিশ্চিতে প্রমাণিত অঙ্গীকার। স্পষ্ট ও কার্যকর লেখার ধরনসহ তিনি একজন মেধাবি আইনজ্ঞ। আমাদের সময়ের একজন চমৎকার ও তীক্ষ্ণবুদ্ধির আইনবিদ হিসেবেও বিশ্বজুড়ে তার স্বীকৃতি আছে।’
সিনেটের অনুমোদন পেলে ৫৩ বছর বয়সী কাভানহ চলতি গ্রীষ্মে অবসরে যেতে চাওয়া বিচারক অ্যান্থনি কেনেডির স্থলাভিষিক্ত হবেন। ৮১ বছর বয়সী কেনেডি গত মাসেই পদ ছেড়ে দেয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের বিতর্কিত বিভিন্ন আইন এবং কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর মধ্যকার দ্বন্দ্বের চূড়ান্ত সালিশ হয় সুপ্রিম কোর্টে। গর্ভপাত, মৃত্যুদণ্ড, ভোটের অধিকার, অভিবাসন নীতি, নির্বাচনে অর্থায়ন ও বর্ণবাদমূলক পক্ষপাতসহ নানান বিষয়ে চূড়ান্ত রায় দেওয়ারও এখতিয়ার রাখে এ প্রতিষ্ঠান।



