
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি বিএনপিতে ২৬ নভেম্বর যোগ দেওয়ার পর মনোনয়ন পাওয়া নিয়ে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে নেতাকর্মীদের মাঝে চরম হতাশা দেখা দিয়েছে।
সাবেক এমপি গোলাম মাওলা রনির আমলে দশমিনা উপজেলায় হামলা-মামলায় নির্যাতনের শিকার হওয়া বিএনপির অধিকাংশ নেতাকর্মী তার মনোনয়ন মেনে নিতে চান না বলে জানিয়েছেন। দশমিনা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন মোল্লা বলেন, রনির আমলে হামলা-মামলা, নির্যাতন ও পুলিশি গ্রেফতার আতঙ্কে ঘরে থাকতে পারি নি। তার মনোনয়নকে আমরা কীভাবে মেনে নিতে পারি। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন মোল্লা বলেন, রনির আমলে হামলা-মামলা বলতে শেষ কথা নয়, আর্থিকভাবে এখন আমি সর্বস্বান্ত। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুজ্জান বাদল বলেন, রনির আমলে উপজেলার সর্বত্র ত্রাসের রামরাজত্ব চলছিল। মিথ্যা মামলায় জেলহাজতে গিয়েছিলাম। এখন দল তাকে মনোনয়ন দিলে মেনে নেওয়া যায় না।
উপজেলা যুবদলের সভাপতি আ. মোমিন তালুকদার বলেন, আসলে রনির যোগদান কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত। তবে কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই আমরা কাজ করব। দশমিনা উপজেলা বিএনপির সভাপতি আ. আলীম তালুকদার বলেন, কেন্দ্র যাকে মনোনয়ন দেবে তার হয়েই আমরা মাঠে কাজ করব। দশমিনা উপজেলা যুবদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, রনি আওয়ামী লীগের এমপি থাকাকালীন আমাদের নেতাকর্মীদের নামে ১৯টি মামলা দিয়ে হয়রানি করেছিলেন।
বুধবার দশমিনা সহকারি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় গোলাম মাওলা রনির পক্ষে তার ছোট ভাই গোলাম সরোয়ার জিলানী ও গলাচিপা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নেছার উদ্দিন ছাড়া দশমিনার কোনও নেতাকর্মী দেখা যায় নি।



