
রাজধানীতে বাস চলাচল শুরু
রূপসী বাংলা ডেস্ক:রাজধানীসহ সারা দেশে সোমবার সকাল থেকেই বাস চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে ছেড়ে গেছে বিভিন্ন রুটের দূরপাল্লার বাসগুলোও।
সোমবার সকাল থেকেই রাজধানীর মিরপুর, উত্তরা, মতিঝিলসহ অন্যান্য রুটে বিভিন্ন পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে। এতে গাড়ি চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। একই সঙ্গে ঢাকার বাস টার্মিনালগুলো থেকেও বিভিন্ন জেলার উদ্দেশে দূরপাল্লার বাসগুলো ছেড়ে যেতে দেখা গেছে। তবে যে পরিমাণ বাস চলছে, তা যাত্রীর তুলনায় খুবই কম। এ জন্য রাজধানীর বিভিন্ন সড়কের মোড়গুলোতে কর্মজীবী মানুষের ভিড় দেখা গেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্লাহ ঢাকাসহ সারা দেশে সোমবার থেকে যানবাহন চলাচল শুরু হবে বলে রোববার রাতেই ঘোষণা দিয়েছিলেন। পরে পরিবহন মালিক-শ্রমিকরা জানান, কেন্দ্র থেকে আশ্বাস পাওয়ায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।
এদিকে বিভিন্ন জেলা শহর থেকেও দূরপাল্লার বাসগুলো ঢাকার উদ্দেশে যাত্রা করেছে বলে জানা গেছে। সকাল ৬টা থেকে রাজশাহী, নওগাঁ, সিলেট, খুলনাসহ আরো বেশ কয়েকটি জেলা থেকে বাস চলাচল শুরু হয়।
সকালে গাবতলী বাসস্ট্যান্ড থেকে বৃষ্টির মধ্যে কিছু দূরপাল্লার বাস টার্মিনাল ছেড়ে গেছে। অন্যদিকে গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে পুলিশের চেকপোস্ট আছে। ঢাকার দিকে যেসব বাস ঢুকছে, সেগুলোর কাগজপত্র, চালকের লাইসেন্স পুলিশ তল্লাশি করছে।
এদিকে সকাল থেকেই মিরপুর ১০ নম্বর গোল চত্বরে পুলিশ অবস্থান নিয়ে আছে। এখানে গতকালের মতো আজও পুলিশের সাঁজোয়া যান ও জলকামান রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের পর নিরাপত্তার অজুহাত দেখিয়ে গত শনিবার থেকে বাস চলাচল বন্ধ পুরোপুরি করে দেয় পরিবহন মালিক-শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।



