
রাজ্যপালের ভূমিকায় ‘অসন্তুষ্ট’ তৃণমূলের নালিশ রাজনাথের কাছে
রূপসী বাংলা ডেস্ক:রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর নামে কেন্দ্রের কাছে ‘নালিশ’ জানাল তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের কাছে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়-ডেরেক ও ব্রায়েনের নেতৃত্বে গিয়েছিলেন ২০ জন তৃণমূল সাংসদ।
আসানসোলকাণ্ডের পর রাজ্যপালের ভূমিকায় ‘অসন্তুষ্ট’ রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যপালের সফর ঘিরে তৈরি বিতর্ক নিয়ে ‘অসন্তোষ’ প্রকাশ করেছে শাসক দল। রাজ্যপাল প্রশাসনে হস্তক্ষেপ করছেন বলে অভিযোগ করেছে তৃণমূল।
উল্লেখ্য, আসানসোল-রানিগঞ্জে রামনবমীর মিছিল ঘিরে সাম্প্রতিক হিংসার পর সেখানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন রাজ্যপাল। প্রথমে তাঁকে প্রশাসনের পক্ষ থেকে না আসার পরামর্শ দেওয়া হয়। কয়েকদিন পর অবশ্য আসানসোল-রানিগঞ্জে গিয়েছিলেন রাজ্যপাল।
এর আগে একটি জেলার আধিকারিকদের বৈঠকে ডাকা সংক্রান্ত বিষয়েও রাজ্যপালের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিল তৃণমূল।



