
রিকশাচালককে জুতাপেটা করা সেই নারী আইনজীবীকে সাময়িক বহিষ্কার
যশোরে রিকশাচালককে জুতাপেটা ও চড়-থাপ্পড় মারা নারী আইনজীবী আরতি রাণী ঘোষকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আইনজীবী সমিতি। একই সাথে তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার জবাব দিতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মর্তুজা ছোট বলেন, ‘যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অভিযুক্ত আরতি রাণী ঘোষকে গত ৮ মে শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশ পাবার দুদিন পর ১১ মে আরতি রাণী ঘোষ জবাব দাখিল করেন। ওই জবাব নিয়ে আজ দুপুরে আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ বৈঠকে বসে।’
তিনি আরো বলেন, ‘আরতি রাণীর জবাব বৈঠকে উপস্থিত নেতাদের কাছে সন্তোষজনক মনে হয়নি। যে কারণে সর্বসিদ্ধান্ত মতে আরতি রাণী ঘোষকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না তার জবাব দিতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। ওই জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে সভায় কার্যকরী পরিষদের ১৩ সদস্যই উপস্থিত ছিলেন।
গত ৭ মে দুপুরে আদালত থেকে বের হয়ে নিজ চেম্বারে যাচ্ছিলেন অ্যাডভোকেট আরতি রাণী ঘোষ। এ সময় একটি রিকশার সাথে তার ধাক্কা লেগে পড়ে যান তিনি। এ ঘটনায় ওই আইনজীবী রিকশাচালককে জুতাপেটা ও চড়-থাপ্পড় মারেন। পথচারীরা ওই আইনজীবীকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। যার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।



