বাংলাদেশ

রিকশাচালক থেকে ইয়াবা ডন, দুই রাজপ্রাসাদ জব্দ

রূপসী বাংলা নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসার টাকায় গড়ে তোলা বিলাসবহুল দুটি বাড়ি ক্রোক করেছে পুলিশ। আদালতের নির্দেশে অন্যতম শীর্ষ তিন ইয়াবা ব্যবসায়ীর দোতলা দুই বাড়িসহ জমি ক্রোক করা হয়েছে। এখন থেকে এসব সম্পদ রক্ষণাবেক্ষণ করবে পুলিশ।

যাদের বাড়ি ক্রোক করা হয়েছে, তারা হলেন টেকনাফের নাজিরপাড়ার এজাহার মিয়া (৭০) এবং তার দুই ছেলে নুরুল হক ভুট্টো (৩২) ও নূর মোহাম্মদ ওরফে মংগ্রী (৩৫)। এর মধ্যে দুই মাস আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নুর মোহাম্মদ নিহত হয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত টেকনাফের নাজিরপাড়া এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের রাজপ্রসাদের মতো বাড়িগুলোতে অভিযান চালায়। এসময় ওই তিন ইয়াবা ব্যবসায়ীর দোতলা দুই বাড়ি ক্রোক করে পুলিশ। বাড়িতে থাকা লোকজনকে বের করে দিয়ে বাড়িগুলো পুলিশ নিজেদের জিম্মায় নেয়।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, এই প্রথম আদালতের নির্দেশে শনিবার সকালে তিন ইয়াবা ডনের বাড়ি ক্রোক করা হয়েছে। এই বাড়িগুলো এখন পুলিশের হেফাজতে থাকবে। আদালতের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। যে বাড়িগুলো ক্রোক করা হয়েছে তারা এক সময় রিকশা ও ভ্যানচালক ছিলেন। এখন তারা সবাই কোটি টাকার মালিক।

তিনি বলেন, সীমান্তে লবণ চাষি, দিন মজুর, রিকশা ও ভ্যান চালকরা মরণ নেশা ইয়াবা বেচাকেনা করে টেকনাফে আলিশান বাড়ি বানিয়েছে। সারাদেশে মাদকবিরোধী অভিযান শুরু হলে এসব বাড়ি ছেড়ে পালিয়েছে তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ীরা। আবার অনেকে গ্রেপ্তার ও বন্দুকযদ্ধে নিহত হয়েছে। ইয়াবার টাকায় যারা অবৈধ সম্পদের মালিক বনে গেছে, পর্যায়ক্রমে তাদেরও একই পরিণতি হবে।

ওসি আরও বলেন, প্রতি বছরের ১৪ মে ক্রোক করা সম্পদের যাবতীয় আয়-ব্যয় সংক্রান্ত সার্বিক হিসাব আদালতে উপস্থাপন করবে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির দায়ের করা মামলায় এই আদেশ দেন আদালত।

গত ২৩ মে এই রায় দেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ খোন্দকার হাসান মো. ফিরোজ। এই প্রথম মাদক-সংক্রান্ত ঘটনায় মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় আদালত এই ধরনের আদেশ দেন।

অভিযান পরিচালনাকারী দলে থাকা ওসি (তদন্ত) এবিএস দোহা তিনটি বাড়ি ক্রোকের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবার টাকায় টেকনাফে অনেকে রাজপ্রসাদের মতো বাড়ি বানিয়েছেন। এই প্রথম কোনো ইয়াবা ব্যবসায়ীদের বাড়িসহ সম্পদ ক্রোক করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension