
লজ্জা থাকলে আর দুর্নীতি করবেন না: প্রধানমন্ত্রী
রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এতিমদের টাকা চুরি করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ অন্য আসামিদের সাজা দিয়েছেন আদালত। আশাকরি লজ্জা থাকলে আর দুর্নীতি করবেন না খালেদা জিয়া।
তিনি বলেন, যারা মানুষ পুড়িয়ে মারে, দুর্নীতি করে তাদের বিচার এভাবেই হয়।
বৃহস্পতিবার বিকেল তিনটায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
দেশের চলমান উন্নয়নের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, আজ দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের সুবাতাস বইছে। সেই উন্নয়নের ছোঁয়া বরিশাল ও দক্ষিণাঞ্চলের সর্বত্র লেগেছে। বরিশালে অনেক ব্রিজ-কালভার্ট ও সড়ক নির্মাণ করেছি আমরা।
ভোলার গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বরিশালে নেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ঘরে বিদ্যুৎ ও গ্যাসের শতভাগ চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। ভোলা থেকে উৎপাদিত গ্যাস বরিশালে নেয়া হবে।
এসময় উপস্থিত জনগণকে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ওয়াদা করেন, আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন। জনতার উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কি, ভোট দেবেন তো আপনারা?
জনতাও তখন সমস্বরে হ্যাঁ-সূচক উত্তর দেয়।



