
শার্লি এবদুতে আবার মহানবী (সা.)-এর কার্টুন
আবারও মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর কার্টুন প্রকাশ করছে ফ্রান্সের সাপ্তাহিক রম্য পত্রিকা শার্লি এবদু।
বিবিসি ও আলজাজিরার মঙ্গলবারের খবরে জানানো হয়েছে, শার্লি এবদু ম্যাগাজিনের পরবর্তী সংখ্যার প্রচ্ছদে মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করা হচ্ছে। পত্রিকাটি প্রকাশিত হচ্ছে বুধবার।
আলজাজিরার খবরে বলা হয়েছে, নতুন এই ব্যঙ্গচিত্রে কান্নারত মহানবী (সা.)-কে দেখানো হয়েছে। মাথায় তার সাদা পাগড়ি। হাতে ধরা লাঠিতে ফরাসি ভাষায় লেখা, ‘জে সুই শার্লি’।
ব্যঙ্গ সাময়িকী শার্লি এবদু ২০০৬ সালের ফেব্রুয়ারিতে বিশ্বজুড়ে আলোচনায় আসে। ওই সময় তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর একটি ব্যঙ্গচিত্র পুনর্মুদ্রণ করলে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। ২০১২ সালের সেপ্টেম্বরেও পত্রিকাটি মহানবী (সা.)-এর একটি অবমাননাকর ছবি ছাপে।
এদিকে শার্লি এবদুতে হামলা এবং এরপর বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া পত্রিকাটি নতুন করে যখন বাজারে আসছে, তখন এর সংখ্যা ৫০ গুণ বেশি হচ্ছে। বুধবারের সংখ্যাটি ৩০ লাখ কপি ছাপা হচ্ছে। সপ্তাহে সাধারণত ৬০ হাজার কপি ছাপা হয় পত্রিকাটি।
গত সপ্তাহে শার্লি এবদু পত্রিকার প্যারিস অফিসে ঢুকে তিন হামলাকারী প্রধান সম্পাদকসহ ১২ জনকে হত্যা করে। এই ঘটনার জের ধরে দুদিন পরে আরো দুটি সন্ত্রাসী হামলায় নিহত হন পাঁচজন।
হামলার শিকার হওয়ার পর এই প্রথম নতুন সংখ্যা বের করতে চলেছে শার্লি এবুদ কর্তৃপক্ষ।
এদিকে শার্লি এবদুতে হামলার পর প্রায় ৪০ লাখ মানুষ প্যারিসে জড়ো হয়ে হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে র্যা লি করে। ৪৪টি দেশের শীর্ষ নেতারা এই র্যা লিতে অংশ নেন।
সন্ত্রাসী হামলার পর নিরাপত্তাব্যবস্থা ব্যাপক জোরদার করেছে ফ্রান্স। অভ্যন্তরীণ নিরাপত্তায় ১০ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স।❐



