ভারত

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়েছে। জবাবে তিনি বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক উপস্থিত ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে?

জয়শঙ্কর বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।’

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ একাধিক উপদেষ্টা গণমাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension