
শেখ হাসিনার প্রতিহিংসার রায় এটি: রিজভী
রূপসী বাংলা ডেস্ক:সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য বিকারগ্রস্ত মনেরই বহি:প্রকাশ। প্রধানমন্ত্রী বলছেন, খালেদা জিয়ার সাজা আদালতের ব্যাপার। কিন্তু আদালত নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার রায় এটি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন রুহুল কবির রিজভী।
বিএনপির এই নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব সম্পর্কে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই- আপনি ৮১ সালে দলের সভানেত্রী কিভাবে এবং কোন দেশে থেকে হয়েছিলেন সেটা কী আপনার মনে আছে? তখন আওয়ামী লীগে অনেক বর্ষীয়ান নেতা ছিলেন, তাদেরকে ডিঙ্গিয়ে আপনি কিভাবে দলের সভাপতি হয়েছিলেন। আপনি তো আওয়ামী লীগের সদস্যও ছিলেন না। তারেক রহমান দলে ধাপে ধাপে সদস্য, সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরে সিনিয়র ভাইস চেয়ারম্যান হয়েছেন। তিনি ধারাবাহিকভাবেই জাতীয় রাজনীতির আজকের অবস্থানে উন্নীত হয়েছেন। আর আপনি কোন রাজনৈতিক প্রক্রিয়া ব্যতিরেকেই সরাসরি আওয়ামী লীগের সভাপতির পদে উড়ে এসে জুড়ে বসেছেন। প্রধানমন্ত্রী আয়নার দিকে তাকিয়ে কথা বলেন না, এটাই তার সমস্যা।
রুহুল কবির রিজভী বলেন, সংবাদ সম্মেলনে সড়ক দূর্ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য জনগণকে নিয়ে তামাশা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেছেন-যারা সড়ক দুর্ঘটনার শিকার হয় তারাই এর জন্য দায়ী। কেবলমাত্র জবাবদিহিহীন সরকার প্রধানের পক্ষেই এমন কথা বলা সম্ভব।
দুই সিটিতে নির্বাচন উপলক্ষে অস্ত্রধারীদের মজুদ করছে আওয়ামী লীগ অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাতে হাতে বৈধ ও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনী এলাকার বৈধ অস্ত্র জমা নেয়া হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়নি। একই সঙ্গে সারাদেশের বৈধ ও অবৈধ অস্ত্রধারীরা দুই সিটিতে প্রশাসনের ছত্রছায়ায় নির্বিঘ্নে অবস্থান নিচ্ছে।
প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল এমপি এবং মাহবুবুল আলম হানিফ দুই বার খুলনায় এসে প্রশাসনের শীর্ষ ব্যক্তিদের সাথে বৈঠক করেছেন বলে জানান তিনি। রিজভী বলেন, এটা স্থানীয় সরকারের নির্বাচনে প্রভাব ফেলেছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির পরিবর্তে বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে বিতাড়িত করার জন্য সর্বাত্মক তৎপর হয়েছে। সরকারের অত্যন্ত প্রভাবশালী ওই দুই ব্যক্তির নির্দেশনাতেই পুলিশ প্রশাসন নগরী জুড়ে এমনতর পরিস্থিতির সৃষ্টি করেছে।
দুই সিটিতেই মন্ত্রী-এমপিরা আচরণবিধি লঙ্ঘন করে মিটিং করছেন অভিযোগ করেও তিনি বলেন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে, নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে। দুই সিটিতে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। শঙ্কা আর শিহরণের ক্ষণে ক্ষণে নৈরাজ্যের ছায়া ফেলেছে দুই সিটি কর্পোরেশনে।
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



