খেলা

শেষ দু’টি ম্যাচে বদলের ইঙ্গিত বিরাটের

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : বিরাট সেঞ্চুরিতেও জয় অধরা টিম ইন্ডিয়ার৷ ধোনির শহরে ব্যাট হাতে বিরাট দাদাগিরি দেখালেও অস্ট্রেলিয়ার কাছে সিরিজের তৃতীয় ওয়ান ডে ভারত হারল ৩২ রানে৷ ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে টিম কোহলি৷ তবুও বিশ্বকাপের আগে শেষ দু’টি ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত দিলেন ক্যাপ্টেন কোহলি৷

দেশের জার্সিতে সম্ভবত ধোনির ঘরের মাঠে হতাশ হলেন দর্শকরা৷ ৪২ বলে মাত্র ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন ধোনি৷ সুতরাং মাহি মার রাহা হ্যায়..ধ্বনি শোনা যায়নি জেএসসিএ স্টেডিয়ামের গ্যালারিতে৷ বিশ্বকাপের আগে দেশের হয়ে শুক্রবার শেষ ম্যাচ খেলে ফেললেন ধোনি৷ কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের শেষ দু’টি ম্যাচে ধোনিকে বিশ্রাম দিয়ে ঋষভ পন্তকে দলে ফেরাচ্ছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷

শুক্রবার ম্যাচের পর সাংবাদিক বৈঠক এমনটাই জানিয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার৷ তিনি বলেন, ‘সিরিজের শেষ দু’টি ম্যাচে ভারত বেশ কয়েকটি পরিবর্তন করতে চলেছে৷ শেষ দু’টি ওয়ান ডে থেকে ধোনিকে বিশ্রাম দেওয়া হয়েছে৷ পরিবর্তে দলে ফিরবেন উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্ত৷’ অর্থাৎ সিরিজ না-জিতেও দলে বড়সর পরিবর্তন করতে চলেছে টিম কোহলি৷

রাঁচিতে ৩১৪ রান তাড়া করে ৩২ রানে ম্যাচ হারে ভারত৷ ধোনি অল্প রানে প্যাভিলিয়নে ফিরলেও দুরন্ত সেঞ্চুরি করে ক্যাপ্টেন কোহলি৷ ৯৫ বলে ১২৩ রানের ইনিংস খেলেন বিরাট৷ তবুও ভারতের হার এড়ানো যায়নি৷ সিরিজের শেষ দু’টি ম্যাচে বদলের ইঙ্গিত দিলেন ভারত অধিনায়ক৷ ম্যাচের পর বিরাট বলেন, ‘সিরিজের শেষ দু’টি ম্যাচে দলের বেশ কয়েকটি পরিবর্তন হবে৷ তবে ম্যাচ জেতার জন্যই আমরা মাঠে নামব৷ কারণ মাইন্ডসেটে কোনও পরিবর্তন হবে না৷’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজই বিরাটদের বিশ্বকাপের মহড়া৷ কারণ এর পরই আইপিএল এবং তারপর বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে পাড়ি দেবে কোহলি অ্যান্ড কোং৷ তাই সিরিজের শেষ দু’টি ম্যাচে অন্যদের সুযোগ দিতে চাই ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ কোহলি বলেন, ‘বিশ্বকাপ আসছে৷ প্রত্যেকেই চাই বিশ্বকাপের বিমানে উঠতে৷ তাই শেষ দু’টি ম্যাচে নতুনদেরও সুযোগ দিতে হবে৷ কারণ সবাই সুযোগের জন্য মুখিয়ে রয়েছে৷’ ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বিশ্বকাপ শুরু হচ্ছে ৩০ মে৷

এদিনের হার প্রসঙ্গে বিরাট বলেন, ‘কোনও দলই হারতে চায় না৷ কিন্তু এদিন আমরা পার্টনারশিপ গড়তে পারিনি৷ সিরিজে দু’টি ম্যাচে এমনটা ঘটল৷ সুতরাং পরের দু’টি ম্যাচে আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে৷ এদিন দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পরও আমাকে এই ইনিংসটা খেলতে হত৷ কিন্তু ম্যাচটা না-জেতায় হতাশ৷ অস্ট্রেলিয়া আমাদের থেকে ভালো খেলেছে৷ অ্যাডাম দারুণ বল করায় ওরা ম্যাচটা জিতেছে৷’ সিরিজের শেষ দু’টি ম্যাচে মোহালি ও দিল্লিতে যথাক্রমে রবিবার ও বুধবার৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension