
শ্রীলংকাকে দুই ট্রাক জীবন রক্ষাকারী ওষুধ-সরঞ্জাম দিয়েছে ভারত
শ্রীলংকার জনগণের প্রতি ভারত সরকারের চলমান সহায়তার ধারাবাহিকতায় সর্বশেষ সহায়তার অংশ হিসেবে শনিবার দেশটির জাফনা টিচিং হাসপাতালে (জেটিএইচ) দুটি ট্রাক জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জাম সরবরাহ করেছে ভারত।
ভারতের কনস্যুলেট জেনারেল জাফনা রাকেশ নটরাজ এই সহায়তা হাসপাতালের ডিরেক্টর (ভারপ্রাপ্ত) ড. নন্থকুমারের কাছে হস্তান্তর করেন। শ্রীলংকাকে আরও সাহায্য পাঠাবে ভারত। এই সাহায্য দ্বীপ রাষ্ট্রটির উত্তরাঞ্চলীয় প্রদেশে সাধারণ এবং জরুরি পরিস্থিতিতে কাজে লাগবে।
‘প্রতিবেশীরাই প্রথম’ এই নীতির সঙ্গে সঙ্গতি রেখে ভারত ফের শ্রীলংকাকে চলমান সংকটে সাহায্যের জন্য এগিয়ে এসেছে।
এর আগে শুক্রবার কলম্বোর ভারতীয় হাইকমিশনার গোপাল বাগলে ১৯৯০ সুওয়াসেরিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসকে মোট ৩.৩ টন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছেন।
এ ব্যাপারে বাগলে বলেন, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ২০২২ সালের মার্চ মাসে কলম্বোতে সুওয়াসেরিয়া সদর দফতরে সফরের সময় ফাউন্ডেশনের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ঘাটতি সম্পর্কে অবহিত করা হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এসব সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে শ্রীলংকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন টুইট করে জানিয়েছেন।



