
সন্ত্রাসীদের ধর্ম নেই, দেশ নেই: প্রধানমন্ত্রী
রূপসী বাংলা নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ব্রুনাইয়ে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সন্ত্রাসীদের ধর্ম নেই, জাত নেই, দেশ নেই। এদের বিরুদ্ধে সবাইকে সর্তক ও সোচ্চার হতে হবে।
রবিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যায় এম্পায়ার অ্যান্ড কান্ট্রি ক্লাব হোটেলের বলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সন্ত্রাসীরা আসলেই সন্ত্রাসী, এদের কোন ধর্ম নেই, এদের কোনো জাত নেই, এদের কোনো দেশ নেই, কিচ্ছু নেই। এদের বিরুদ্ধে সবাইকে সর্তক হতে হবে, সোচ্চার হতে হবে। কারণ এরা মানুষের জীবন নষ্ট করে, মানুষের জীবন ধ্বংস করে দেয়।
প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে বলেন, জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূল করার জন্য বাংলাদেশের জিরো টলারেন্স ঘোষণাই শুধু আমরা দেইনি। আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাকে আমরা সব সময়ে সর্তক রেখেছি। এবং এই ধরনের কোনো চিহ্ন কোথাও দেখা গেলে আমরা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নিচ্ছি।
শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে শেখ হাসিনা বলেন, একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে শ্রীলঙ্কায়। সেখানে প্রায় আটটি জায়গায় বোমা হামলা হয়েছে। অনেক মানুষ সেখানে মারা গেছে, বহু আহত হয়েছেন। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।
নিউজিল্যান্ডের মসজিদে হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কিছুদিন আগে দেখেছেন নিউজিল্যান্ড, সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা; সেখানে কেউ চিন্তাই করতে পারেনি এ রকম ঘটনা ঘটবে। সেখানে মসজিদের ভেতরে নামাজ পড়া অবস্থায় প্রায় ৬০ জনের মতো মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ, যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ প্রমুখ।
সভাপতিত্ব করেন ব্রনেইতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসাইন।



