
সন্দ্বীপে পৌর কাউন্সিলরদের বাড়িছাড়া করার প্রতিবাদে মানববন্ধন
রূপসী বাংলা ডেস্ক:সন্দ্বীপে মাদক, সন্ত্রাস ও নির্বাচিত পৌর কাউন্সিলরদের অস্ত্রেরমুখে বাড়িছাড়া করার প্রতিবাদ ও এসবের প্রতিকারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আজ সকালে মানববন্ধন করেছে সন্দ্বীপের সর্বস্তরের জনগণ। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, সন্দ্বীপ থেকে বিতাড়িত পাঁচ কাউন্সিলর এবং সন্দ্বীপের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, সন্দ্বীপ থেকে বিতাড়িত পাঁচ কাউন্সিলর, সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মহসিন বিল্যাহ খান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলাউদ্দিন বাবলু, একুশে ক্লাবের সভাপতি মো. হান্নান সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মারুফুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক জিহাদ বাবু প্রমুখ।মানববন্ধনে ভুক্তভোগী কাউন্সিলরগণ অভিযোগ করেন, গত ১১ মার্চ সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের বাড়িঘরে হামলা করে। তাদের বসতঘরে গুলিবর্ষণ করে হুমকি দেয় যে, আধঘন্টার মধ্যে বাড়ি ছাড়তে হবে, এটা এমপি সাহেবের নির্দেশ। তারা বলেন, “সন্দ্বীপে ইয়াবা ব্যবসার বিরুদ্ধে দাাঁড়ানোটাই আমাদের একমাত্র অপরাধ, এছাড়া এমপির সাথে আমাদের আর কোন বিষয়ে দূরত্বের কোন কারণ আমাদের জানা নেই।”চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা, প্রবীণ রাজনীতিবিদ একেএম বেলায়েত হোসেন বলেন, “বিবেকের তাড়নায় আজ এই মানববন্ধনে হাজির হয়েছি। সন্দ্বীপে আওয়ামীলীগকে ধ্বংস করতে উদ্যত হয়েছেন একজন জনপ্রতিনিধি, তিনি মাদক ব্যবসার প্রসার ঘটিয়েছেন, উঠতি বয়সী ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। ইয়াবা ব্যবসায়ীদের দৌরাত্মে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, নির্বাচিত কাউন্সিলরদের বাড়িছাড়া করেছেন।” অবিলম্বে এসব অপতৎপরতা বন্ধ করার দাবি জানিয়ে তিনি বলেন,“ জনপ্রতিনিধিরা যখন সামাজিক অবক্ষয়ে উৎসাহ যোগান তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকেনা।”

সন্দ্বীপ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সালাউদ্দিন বলেন, “যখন আমার উপর হামলা হয় তখন আমার শিশু সন্তান আমার কোলে। ওই অবস্থায় মাইক্রোবাস ডেকে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি। তারা হুমকি দিয়ে বলেছে, এমপি সাহেবের নির্দেশ, আধাঘন্টার মধ্যে বাড়ি না ছাড়লে পরে গুলি করা হবে।”৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুদ্দিন মাহি অভিযোগ করেন, তার বসতগৃহের টিন গুলিতে ঝাঁঝড়া হয়ে গেলেও পুলিশ বলেছে তারা হামলার কোন আলামত পায়নি। আমরা থানায় অভিযোগ করলেও থানা তা গ্রহণ করেনি। তিনি বলেন, অবিলম্বে আমরা আমাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে।

৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মোবারক মাহমুদ বলেন, আমরা পৌরবাসীর ভেটে নির্বাচিত কাউন্সিলর। আমাদের প্রত্যেকেই সন্দ্বীপ পৌরসভা ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পদে থাকার পরেও বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীণ আমাদের নিজ নিজ বাড়ি ছাড়তে হয়েছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।মানববন্ধনে সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ, নব প্রজন্মে মুজিব, বঙ্গবন্ধু সৈনিকলীগ, সেনেরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি, একুশে হালিশহরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফোরকান উদ্দিন, পৌরসভা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন সওদাগর, রহমতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুল ইসলাম, ব্যবসায়ী নেতা মোশোরফ হোসেন সরকারী হাজী এই কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আকবর হোসেন সাজেদ প্রমুখ।উল্লেখ্য গত ১১ মার্চ সন্দ্বীপ পৌরসভার পাঁচজন কাউন্সিলরের বাড়িতে হামলা দিয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাদেরকে বাড়ি ছাড়তে তথা সন্দ্বীপ ছাড়তে বাধ্য করে। কয়েকটি জাতীয় দৈনিকে এই বিষয়ে সংবাদ পরিবেশিত হয়।



