বাংলাদেশ

সব আওয়ামী নিয়ম ভাঙো, চুরমার করে দাও: এরশাদ

রূপসী বাংলা ডেস্ক:আওয়ামী লীগের সরকারকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে এই সরকারকে হটাতে মা্নুষের সমর্থন চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বলেছেন, দেশে আওয়ামী যত নিয়মকানুন আছে তার সব ভেঙে চুরমার করে দিতে হবে।

আগামী সংসদ নির্বাচনে বৃহত্তর রংপুরের ২২টি আসন জাতীয় পার্টিকে দিলে রংপুরবাসীকে সরকার উপহার দেয়ার কথাও বলেছেন জাপা চেয়ারম্যান।

সোমবার দুপুরে নীলফামারীর জলঢাকায় স্থানীয় ডাকবাংলো মাঠে দলে যোগদান উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক সেনা শাসক। এ সময় বিভিন্ন দলের শতাধিক কর্মী এরশাদের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

দীর্ঘ বক্তব্যে সরকারের কঠোর সমালোচনা করেন এরশাদ। আর এই অবস্থা থেকে উত্তরণে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। বলেন, ‘বর্তমান সরকারের সময় মানুষ অত্যাচার, খুন, গুম আর জুলুম ছাড়া কিছুই পায়নি।’

আওয়ামী লীগের লোকজন অধিকাংশ চাকরি পায় আর সাধারণ মানুষের ছেলেমেয়েরা চাকরি পায় না বলে বিশ্বাস করেন এরশাদ। বলেন, ‘খালি কোটা আর কোটা। এসব দমনে লাঙলের পক্ষে সারাদেশে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে।’

‘সব আওয়ামী নিয়ম ভাঙো, চুরমার করে দাও। এদেশে আওয়ামী লীগ ছাড়া কোনও দল থাকবে না, তা হয় না।’

‘১০ টাকা কেজির চাল আর ঘরে ঘরে চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন শেখ হাসিনা। তার দেয়া প্রতিশ্রুতি তিনি রক্ষা করতে পারেন নাই। দেশের মানুষ ১০ টাকা কেজির চাল ৪০-৫০ টাকায় কিনছে আর বেকাররা চাকরিও পায়নি।’

‘প্রতিদিন খবরের কাগজ খুললে দেখা যায় গুম, হত্যা। এসব এখন নিত্যনৈমিত্তিক ঘটনা।’

‘ব্যাংকগুলোতে এখন টাকা নেই। সব টাকা আওয়ামী লীগের পকেটে চলে গেছে।’

দেশের উন্নয়নে আওয়ামী লীগ কোনো ভূমিকা রাখতে পারেনি বলেও মনে করেন এরশাদ। বলেন, ‘রাস্তা করেছি আমি, সেখানে সেই রাস্তার ওপরে ফ্লাইওভার তৈরি হয়েছে। আর এখন যে রাস্তা হচ্ছে, সে ফ্লাইওভার দিয়ে রিকশা চলতে পারে না। ঢাকায় জ্যাম আর জ্যাম, মানুষের নাভিশ্বাস সৃষ্টি হয়েছে।’

‘আমি তিস্তা ব্যারেজ করেছিলাম, তিস্তা আজ ধূ ধূ বালুচর। তিস্তা নদীতে এখন গরু গাড়ি চড়ে।’

জলঢাকা উপজেলা জাতীয় পার্টি সভাপতি শাহ্ আব্দুল কাদের বুলু চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মঞ্জুর সঞ্চালনায় জনসভায় দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, কেন্দ্রীয় নেতা খালেদ আক্তার, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিরোধী দলীয় হুইপ শওকত আলী চৌধুরী এমপি, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী জাতীয় পার্টি সদস্য সচিব একে এম সাজ্জাদ পারভেজসহ জেলা ও উপজেলা নেতারা বক্তব্য রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension