বাংলাদেশ

সমঝোতার আগে তফসিল মানবে না জনতা: ফখরুল

রূপসী বাংলা ডেস্ক:নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগে নির্বাচনের তফসিল ঘোষণা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অক্টোবর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন- ইসির এ সিদ্ধান্তের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা কোন রাজনৈতিক দল মেনে নেবে না। এমনকি জনগণও মেনে নেবে না।

বুধবার সকালে রাজধানীর শেরেবাংলাস্থ চন্দ্রিমা উদ্যানে শ্রমিক দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

একাদশ জাতীয় নির্বাচনে সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ কারো সঙ্গে আলোচনা না করে এবং মানুষের মতামতকে উপেক্ষা করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য রাজনীতিকে অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। সীমানা নির্ধারণের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে। অর্থাৎ সরকার যা নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন তাই করছে। সুতরাং এখানে তাদের (ইসি) কোন চিন্তা ও ধারনা নেই। সরকারের যে ব্লু প্রিন্ট, সেই ব্লু প্রিন্টের দিকে তারা (ইসি) যাচ্ছে।

বিএনপি নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার চায় জানিয়ে তিনি বলেন, সেই জন্য আমরা বলে এসেছি যে, বিষয়টি রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া দরকার। সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে এর একটি সুষ্ঠু সমাধান হওয়া দরকার। কিন্তু এটা তারা (আওয়ামী লীগ) সবসময় উপেক্ষা করেছে। এর কারণ হচ্ছে, একতরফা ভাবে নির্বাচন করা, বিএনপিকে নির্বাচন থেকে বাদ দেওয়া এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাওয়া। কারণ আওয়ামী লীগ সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension