
সর্বকালের সেরা প্রধানমন্ত্রী হয়েও ‘ভাল মানুষ’ নন মোদী
রূপসী বাংলা ডেস্ক: ১৪ থেকে একেবারে ১-এ। একটি সর্বভারতীয় সংবাদপত্রের সমীক্ষা এমনই ইঙ্গিত দিয়েছে। দেশের ১৪-তম এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সর্বকালের সেরা প্রধানমন্ত্রী। ২৬ শতাংশ ভোট নিয়ে তিনি প্রথম স্থানে। এদিকে ২০ শতাংশ ভোট নিয়ে ইন্দিরা গান্ধী দ্বিতীয় ও ১২ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে অটলবিহারী বাজপেয়ী। দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ঝুলিতে ১০ শতাংশ ভোট।
দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি ডেভে গোদা, পিভি নরসিমা রাও, চন্দ্রশেখর বা ভিপি সিং -এর দখলে মাত্র ১ শতাংশ করে ভোট।
সমীক্ষা বলছে, লাল বাহাদুর শাস্ত্রী, মনমোহন সিংহ কে দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী বলে মনে করেন মাত্র ৬ শতাংশ মানুষ। অন্যদিকে মোরারজী দেশাই, চরণ সিংহ, গুলজারি লাল নন্দকে সেরা মনে করেন ২ শতাংশ মানুষ।
প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ‘মানুষ’ হিসেবে মোদীর জনপ্রিয়তা কমছে। এই একই সংস্থার ২০১৭র জুলাই মাসে করা সমীক্ষায় উঠে এসেছিল প্রায় ৩৩ শতাংশ মানুষ তাকে সেরা মনে করেন। কিন্তু ২০১৮র জানুয়ারিতে যখন ওই একই সমীক্ষা করা হয় ৩৩ থেকে কমে ২৮ শতাংশ মানুষ তাঁর পক্ষে রায় দেন।
পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? উত্তরে দেশের ৪৯ শতাংশ মানুষের মুখে নরেন্দ্র মোদীর নাম। অন্যদিকে দেশের ২৭ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর আসনে রাহুল গান্ধীকে দেখতে চান। সমীক্ষাটি থেকে উঠে এসেছে ২০১৯এর নির্বাচনে ২৪৫ টি আসন দখল করতে পারে বিজেপি। অন্যদিকে কংগ্রেস পেতে পারে ৮৩ টি আসন। জনগণের মন বুঝতে চলতি বছরের জুলাই মাসে এই সমীক্ষা করা হয়। ১৯টি রাজ্যের ১২,১০০ জনের মতামত নেওয়া হয়। সর্বোপরি মোদীর ‘মিত্রোঁও’ ডাকেই যে মিত্ররা সবচেয়ে বেশী সাড়া দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।



