
সাবরিনা-আরিফুলসহ ৮ আসামির ১১ বছরের কারাদণ্ড
করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও ভুয়া প্রতিবেদন দেয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী ও চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীসহ আট আসামিকে ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আরিফুল ও সাবরিনা সম্পর্কে স্বামী-স্ত্রী।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় দেন।
মামলায় কারাদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— জেকেজির সমন্বয়ক সাঈদ চৌধুরী, সাবেক কর্মকর্তা হুমায়ুন কবির, তার স্ত্রী তানজিনা পাটোয়ারী, জেবুন্নেসা, শফিকুল ইসলাম রোমিও ও বিপ্লব দাস ।
মামলার রায় ঘোষণা উপলক্ষে আজ সকালে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
করোনার নমুনা সংগ্রহ ও ভুয়া প্রতিবেদন জালিয়াতির ঘটনায় কামাল হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। ২০২০ সালের ২৩ জুন জেকেজি হেলথ কেয়ারের সিইও আরিফুল হকসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানার পুলিশ। একই বছরের ১২ জুলাই গ্রেফতার করা হয় ডা. সাবরিনাকে। যিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক ছিলেন। গ্রেফতার হওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
২০২০ সালের ২০ আগস্ট সাবরিনা ও আরিফুলসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।



