
গজলশিল্পী ভূপিন্দর সিং মারা গেছেন
মারা গেছেন গজলসম্রাট নামে খ্যাত ভারতের ভূপিন্দর সিং। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার জুহুর হাসপাতালে সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গজলশিল্পী। তার বয়স হয়েছিল ৮২ বছর।
জানা গেছে, বেশ কয়েক দিন ধরে রোগে ভুগছিলেন তিনি। ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসক দীপক নমযোশি জানান, দিন দশেক আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভূপিন্দর সিং। কোলন ক্যানসারে ভুগছিলেন। এর মধ্যে কভিড টেস্টেও পজিটিভ রিপোর্ট আসে তার।
তার স্ত্রী জনপ্রিয় গায়িকা মিতালি মুখার্জি জানান, ভূপিন্দর সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে আজ মঙ্গলবার।
দীর্ঘ পাঁচ দশক ধরে সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন ভূপিন্দর সিং। আহিস্তা, থোড়ি সি জামিন থোড়া আসমান, দিল ঢুনতা হ্যায়, নাম গুম জায়েগা, ফুসরাত কি রাত দিন -এর মতো গানের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন ভূপিন্দর সিং।
ভূপিন্দর সিংয়ের স্ত্রী মিতালী মুখার্জির জন্মস্থান বাংলাদেশ।



