
সাবেক সিআইএ প্রধানের নিরাপত্তা সুবিধা বাতিল করলেন ট্রাম্প
রূপসী বাংলা ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় সাবেক সিআইএ প্রধান জন ব্রেনানের নিরাপত্তা সুবিধা বাতিল করা হয়েছে । হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স বুধবার এক বিবৃতিতে ট্রাম্পের এই সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয় ব্রেনানের খেয়ালি এবং বিরূপ আচরণের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জন ব্রেনান ২০১৭ সালে সিআইএ প্রধান হিসেবে পদত্যাগ করেন। মার্কিন আইন অনুসারে গোয়েন্দা সংস্থার প্রধানরা দায়িত্ব পালন শেষেও সরকারের কাছ থেকে গোপন তথ্য সংগ্রহ করতে পারেন এবং সব জায়গায় যেতে পারেন। সেই সুবিধাই বাতিল করা হয়েছে ব্রেনানের।
পাল্টা টুইট বার্তায় এই সম্পর্কে ব্রেনান লিখেন যে এই সিদ্ধান্ত ট্রাম্পের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সমালোচকদের শাস্তি দেয়ার একটি অংশ। এটা আমেরিকানদের জন্য ভীষণ উদ্বেগের বিষয় বিশেষ করে গোয়েন্দাদের জন্য। তারা দেখলেন কথা বলার মূল্য কি। তবে আমার আদর্শ এসব ক্লিয়ারেন্স থেকে অনেক বড়।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্টের অবস্থানকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন ব্রেনান। তিনি বলেছিলেন, ট্রাম্পের আচরণ রাষ্ট্রদ্রোহ ছাড়া কিছু নয়। এছাড়া গত বছর ব্রেনান বলেছিলেন, ট্রাম্পের রুশ সংযোগের বিষয়টির শক্ত ভিত্তি রয়েছে। তবে ট্রাম্প সেই দাবি উড়িয়ে দিয়েছেন।
বুধবারের বিবৃতিতে আরও বলা হয়, সাবেক এফবিআই প্রধান জেমস কোমি, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জেমস ক্ল্যাপার, জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক পরিচালক মাইকেল হেইডেন ও সাবেক অ্যাটর্নি জেনারেলের ব্যাপারেও এমন চিন্তা করছেন ট্রাম্প।



