বাংলাদেশরাজনীতি

সিঙ্গাপুর যাচ্ছেন ড. কামাল রাজনৈতিক মহলে নানা আলোচনা

জাকির হোসেন, রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বিদেশে চলে যাচ্ছেন। আজ বুধবার দিবাগত রাত ২ টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি সিঙ্গাপুর যাবেন। রূপসী বাংলার সঙ্গে আলাপকালে ড. কামাল হোসেন বলেছেন, ‘হঠাৎ করেই আমার শরীর খারাপ হয়ে পড়েছে। পায়ের সমস্যা বেড়েছে। শুধুমাত্র শারীরিক অবস্থার কারণেই আমি সিঙ্গাপুর যাচ্ছি। আগামী ৫ বা ৬ অক্টোবর আমি দেশে ফিরে আসব।’

‘জাতীয়ঐক্য প্রক্রিয়া’ নিয়ে অনৈক্য সৃষ্টির পর ১২ ঘণ্টা না পেরুতেই ড. কামালের বিদেশে যাওয়ার ঘোষণা এছেছে। ফলে তার এই বিদেশ সফর নিয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। কেননা গত কয়েকদিন তিনি  ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নিয়ে বেশ তৎপর ছিলেন। নিজেদের মধ্যে কয়েকটি বৈঠকও করেছেন। এটা এখনও সুনির্দিষ্ট ভিত্তির উপর দাঁড়ায় নি। গত প্রায় বিশ বছর ধরে ড. কামাল হোসেন এই ঐক্য প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে তিনি ব্যক্তিগত কাজে বিদেশ চলে গেছেন। এবারও ঐক্য প্রক্রিয়া নিয়ে দেশের রাজনীতিতে যখন নানামুখী আলোচনা চলছে তখন তার এই বিদেশ সফর তাকে নিয়ে  নানামুখী আলোচনাকে আরও উস্কে দিয়েছে।

এদেশের রাজনীতিতে ড. কামাল হোসেন সেই পাকিস্তান আমল থেকেই পরিচিত ‘হলি ডে পলিটিশিয়ান’ হিসেবে। অর্থাৎ সারা সপ্তাহ তিনি আইন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন আর ছুটির দিনে হয়ে যান আপদমস্তক রাজনীতিক। আর ঘন ঘন বিদেশ সফরের বিষয়টি তো আছেই। তার এই বিদেশ সফর নিয়ে নিন্দুকেরা বলেন, ড. কামাল হোসেন বছরের অধিকাংশ সময় বিদেশ থাকেন। হঠাৎ বাংলাদেশ সফরে এসে তিনি জাতীয় ঐক্যের ডাক দেন। এরপর তিনি আবার বিদেশে চলে যান। এই প্রক্রিয়া বেশি দূর এগোয় না। এবারও যে এমনটি ঘটবে তা অনেকের ভাবনার মধ্যেই ছিল।

খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২ সেপ্টেম্বর  তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ড. কামাল হোসেন যদি খুব গরম বক্তৃতা দেন, এখন থেকে সব কাজ বন্ধ, তাহলে ধরে নেবেন, ওনার প্লেন রেডি। আর বাক্সটা গাড়িতে। আমাদের সঙ্গে তো ছিলেন। আমরা দেখেছি।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension