
বাংলাদেশ
সিরাজগঞ্জে চাচার কুড়ালের কোপে ভাতিজি নিহত
ঢাকা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার রানীনগর এলাকায় মমতা খাতুন (২৬) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে তার চাচা।
শুক্রবার ২ মার্চ সকাল ৭ টার দিকে মমতা তার বাবার বাড়ির পাশে পুকুরে থালা বাসন পরিষ্কার করার সময় চাচা আমির হোসেন তার পেছন দিক থেকে এসে কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় মমতার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে ও তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে তার অবস্থার অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হলে, তার কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে মমতার ।

নিহত মমতা খাতুন উপজেলার রানীনগর গ্রামের আব্দুল মজিদ মন্ডলের মেয়ে ও ওই গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়দের ও নিহতের স্বজনদের সুত্রে জানা গেছে, গত প্রায় সাড়ে চার বছর আগে একই গ্রামের মোজাম মন্ডলের ছেলে ছানোয়ারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয় মমতা। ওই সময় মমতার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বিষয়টি তার পরিবার থেকে মেনে না নিলে। তারা স্বামী স্ত্রী মিলে দীর্ঘদিন ঢাকায় অবস্থান করেন। পরবর্তী সময়ে মমতার বাবা তাদের সম্পর্কটি মেনে নিলেও তার চাচা আমির হোসেন মেনে নেয়নি। তারই সুত্র ধরে মমতাকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছেন স্থানীয় বাসিন্দা ও তার স্বজনের।

এই ঘটনার পর থেকে আমির হোসেন পলাতক রয়েছেন।
এ বিষয়ে সলঙ্গা থানা পুলিশের (ওসি) ওহেদুজ্জামান জানান, নিহত মমতার মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযুক্ত আমির হোসেনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।



