বিনোদন

সেন্সর বোর্ডে আটকে থাকা পরীমনির সেই ছবি মুক্তি পাবে কি

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে মারা যান অনেক পোশাককর্মী। ঘটনার ১৭ দিন পর সেই ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক নারীকর্মীকে ‘উদ্ধার’ করা হলে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনা নিয়ে নজরুল ইসলাম নির্মাণ করেন ‘রানা প্লাজা’ নামে সিনেমা। কয়েক দফা সেন্সর বোর্ড ও আইন–আদালতের জটিলতা পেরিয়ে মুক্তির জন্য প্রস্তুত ছিল ‘রানা প্লাজা’। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর মুক্তির পুরোপুরি প্রস্তুতি নিচ্ছিলেন, আগের দিন সন্ধ্যায় পরিচালক জানতে পারেন, ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। দেশ-বিদেশের প্রেক্ষাগৃহ বা অন্য যেকোনো মাধ্যমেও ছবিটি দেখানো যাবে না। দীর্ঘ ৯ বছরে ছবিটি মুক্তি পায়নি। ‘রানা প্লাজা’ চলচ্চিত্রে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম রিট আবেদন করেন।

পরিচালক নজরুল ইসলাম খান তখন সংবাদমাধ্যমে বলেছিলেন, ছবিতে নেতিবাচক কিছু নেই; বরং ছবিটির মধ্যে গার্মেন্টস মালিক-শ্রমিকদের আরও সচেতন হওয়ার সুযোগ খুঁজে পাওয়া যাবে। ছবির পরিচালক জানান, ছবিটি বানানো থেকে শুরু করে এখন পর্যন্ত সাড়ে তিন কোটি টাকা খরচ হয়েছে। এই ছবি বানাতে গিয়ে তিনি নিঃস্বও হয়েছেন। এরপর আর কোনো ছবি বানাননি। তবে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এসব ছবির নির্মাতারা আশায় বুক বাঁধছেন।

নতুন সরকারের সময়ে তাঁর ছবিটি মুক্তির অনুমতি পাবে মনে করে তিনি বলেন, ‘দেশে যেসব অন্যায়ের অবসান হচ্ছে দেখছি, আমার ছবিটি ঘিরেও তথ্য মন্ত্রণালয়ের তৎকালীন কর্মকর্তার অবিচারের ন্যায়বিচার পাব। আমি ভুক্তভোগী, বর্তমান সরকারের কাছে হয়তো ন্যায়বিচার পাব। আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, এমনটা যদি হতে থাকে, তাহলে এই দেশে ভালো কোনো নির্মাতা ভালো কোনো ছবি বানাতে এগিয়ে আসবে না।’
নজরুল ইসলাম মনে করছেন, ৯ বছর আগে তৈরি ছবিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও ছবিটি দর্শক দেখবেন।

পরিচালক বলেন, ‘এ ধরনের গার্মেন্টস বিপর্যয় নিয়ে আগে কোনো ছবি তৈরি হয়নি তো, তাই বিষয়টি ভালো লাগবে। “রানা প্লাজা”র মতো গার্মেন্টসে কীভাবে এমন ভয়াবহ বিপর্যয় হলো, একটা মেয়ে কীভাবে বেঁচে থাকল, তা নিয়ে আমি ছবি নির্মাণ করলাম।’
‘রানা প্লাজা’ সিনেমায় রেশমা চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তাঁর বিপরীতে আছেন সাইমন সাদিক। আরও আছেন আবুল হায়াত, সাদেক বাচ্চু, কাবিলা, রেহানা জলি, শিরিন আলম, হাবিব খান প্রমুখ। পরিচালক নজরুল ইসলাম খানের কাহিনি ও চিত্রনাট্যে নির্মিত এ সিনেমার সংলাপ লিখেছেন মুজতবা সউদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension