খেলা

সৌরভের সঙ্গে আলোচনা করে বিশ্রাম দেওয়া হল বিরাটকে

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিরাট কোহলির বিশ্রাম নেওয়ার কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বোর্ডের তরফে৷ সেই মতো শাকিবদের বিরুদ্ধে টি-২০ সিরিজের ভারতীয় দলে রাখা হল না নিয়মিত অধিনায়ককে৷ পরিবর্তে নেতৃত্ব তুলে দেওয়া হল রোহিত শর্মার হাতে৷ তবে টেস্ট সিরিজে মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামবেন কোহলি৷

২০১৮ সালের অস্ট্রেলিয়া সফর থেকে টানা খেলে আসছেন বিরাট৷ ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে বিরাট কোহালিকে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন সদ্য বিসিসিআই প্রেসিডেন্ট পদে আসীন হওয়া সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বুধবারই আনুষ্ঠানিকভাবে বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেছেন সৌরভ৷ বৃহস্পতিবার ঘোষণা হয় বাংলাদেশ সফরের জন্য ভারতীয় স্কোয়াড৷ সৌরভের জমানায় এমএসকে প্রসাদদের এটিই প্রথম দল নির্বাচনী বৈঠক৷ স্বাভাবিকভাবেই কোহলিকে বিশ্রাম দেওয়ার আগে মহারাজের সঙ্গে আলোচনা করে নেন জাতীয় নির্বাচকরা৷

বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ডাবল সেঞ্চুরি করা সঞ্জু স্যামসনকে টি-২০ দলে জায়গা করে দেওয়া হয়েছে৷ বিজয় শঙ্করের পরিবর্তে প্রথমবার জাতীয় দলের দরজা খুলে দেওয়া হয়েছে শিবম দুবের সামনে৷ যুবেন্দ্র চাহালের সঙ্গে টি-২০ দলে ফিরেছেন শার্দুল ঠাকুর৷ কোহলির পাশাপাশি বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকেও৷ চোটের জন্য হার্দিক পান্ডিয়ার নাম বিবেচনা করেননি নির্বাচকরা৷

টেস্ট দলে অবশ্য  চমক বলতে একটাই৷ রাঁচিতে অভিষেক ম্যাচেই দুই ইনিংস মিলিয়ে চার উইকেট নেওয়া শাহবাজ নদিমকে বাংলাদেশ সিরিজের স্কোয়াডে রাখা হয়নি৷

ভারতের টি-২০ স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পাণ্ডিয়া, যুবেন্দ্র চাহাল, রাহুল চহার, দীপক চহার, খলিল আহমেদ, শিবম দুবেম ও শার্দূল ঠাকুর৷

ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমন গিল ও ঋষভ পন্থ (উইকেটকিপার)।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension