
স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ করল ফ্রান্স
রূপসী বাংলা ডেস্ক:শিক্ষার্থীদের জন্য আইন করে স্কুলে স্মার্টফোনের ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স সরকার। আগামী সেপ্টেম্বর থেকে নিজস্ব ‘স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস’ বাসায় রেখে স্কুলে যেতে হবে পড়ুয়াদের। আর যদি কেউ স্কুলে তার স্মার্টফোন বা স্মার্ট ডিভাইস নিয়েও যায়, তবে তা বন্ধ করে রাখতে হবে। সোমবারই সংসদে এ সংক্রান্ত একটি আইন সর্বসম্মত ভাবে পাস হয়েছে।
নয়া আইনে বলা হয়েছে, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইস যেগুলো দিয়ে ইন্টারনেট সুবিধা ব্যবহার করা যায় (যেমন ট্যাবলেট), স্কুলে সেসব ডিভাইস ব্যবহারে শিক্ষার্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞাটি আগামী সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। তিন থেকে পনেরো বছর বয়সি পড়ুয়াদের জন্যই এই নিষেধাজ্ঞা।
শিক্ষা বা এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিসের মতো বিশেষ ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনযোগী করে তুলতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্কুল কর্তৃপক্ষ।



