
স্টেট অব ইউনিয়ন ভাষণ নিয়েও ট্রাম্পের মিথ্যাচার
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:
কথায় বলে পাগলের সুখ মনে মনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়েছে সেই দশা। নইলে নিজের প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণের টিভি দর্শক সংখ্যা নিয়ে তিনি মিথ্যা বলবেন কেন তিনি? আসলে বাগাড়ম্বর করাটা তার মজ্জাগত।
গত মঙ্গলবার কংগ্রেসে বার্ষিক ভাষণ দেওয়ার পর ট্রাম্প সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি টুইট করেছিলেন। তাতে তিনি বলেছিলেন, ৪ কোটি ৫৬ লাখ মানুষ তার ভাষণ দেখেছে এবং তিনি এই দর্শক সংখ্যাকে ইতিহাসের সর্বোচ্চ বলে দাবি করেছিলেন। কিন্তু তার দেয়া এই তথ্য মিথ্যা।
জরিপকারী সংস্থা নিয়েলসনের দাবি, স্টেট অব ইউনিয়ন ভাষণের সবচেয়ে বেশি টিভি দর্শক ছিল ১৯৯৩ সালে, ৬ কোটি ৬০ লাখ। সেই ভাষণটি দিয়েছিলেন বিল ক্লিনটন, যার স্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে এক বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প।
নিয়েলসনের তথ্য বলছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এমনকি জর্জ ডাব্লিও বুশের চেয়েও কম ছিল ট্রাম্পের ভাষণের দর্শক সংখ্যা। ২০১০ সালে ওবামার প্রথম স্টেট অব ইউনিয়ন ভাষণের দর্শক ছিল ৪ কোটি ৮০ লাখ। ইরাক যুদ্ধের মাস খানেক আগে ২০০৩ সালে দেওয়া বুশের ভাষণের দর্শক সংখ্যা ছিল ৬ কোটি ২১ লাখ।
সব ব্যাপারেই নিজেকে সেরা বলতে ভালোবাসেন ট্রাম্প। তাই প্রায়ই এরকম মিথ্য বলে থাকেন। গত বছর নিজের অভিষেক অনুষ্ঠানে ১৫ লাখ দর্শক সমাগম হয়েছিল বলে দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু প্রকৃত সংখ্যাটি ছিল এর অর্ধেক অর্থাৎ সাড়ে ৭ লাখ।



