
স্ত্রী করোনায় আক্রান্ত বলে পাঁচতলা থেকে ফেলে দিল স্বামী
মিশরের এক নারীকে পাঁচ তলা থেকে ফেলে দিয়েছেন তার স্বামী। তার স্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন বলে তিনি এ কাজ করেছেন।
নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে আল ওয়াতানের প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে ফেলে দেয়ার ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, ঘটনার দিন ওই নারী এবং তার স্বামীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই ব্যক্তি তার স্ত্রীকে ধাক্কা দিয়ে পাঁচ তলা থেকে ফেলে দেন।
অভিযুক্ত স্বামী পুলিশকে বলেছে, ‘করোনায় আক্রান্ত হতে পারি ভেবে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমার স্ত্রী তিনবার করোনা পরীক্ষা করায়, তিনবারই পজিটিভ দেখিয়েছে। এরপর তাকে আমি বাড়ি থেকে চলে যেতে বলি। কিন্তু সে যেতে রাজি হয় নি। তারপর আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেই।’
পরে প্রতিবেশীরা অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে ওই নারী এখনও মারা যান নি। তবে অচেতন অবস্থায় থাকায় তার কাছ থেকে কিছু জানতে পারে নি পুলিশ।
জানা গেছে, ওই নারী মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন।
এই ঘটনার তদন্ত চলছে বলে মিশরের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ⛘
আরব নিউজ



