
স্বপ্নের অভিষেকে আইপিএলের এক দশকের রেকর্ড ভাঙলেন আলজারি
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : আইপিএলে ব্যাটসম্যানদের রাজত্বের মাঝে বল হাতে স্বপ্নের অভিষেক এক ক্যারিবিয়ানের৷
আইপিএল অভিষেকেই টুর্নামেন্টের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন মুম্বইয়ের ওয়েস্ট ইন্ডিয়ান বিদেশি আলজারি জোসেফ৷ প্রথমবারের জন্য আইপিএলের মেগা মঞ্চে পা রেখেই বল হাতে বিপক্ষ ব্যাটিংয়ে ধস নামালেন বছর ২৩ এর পেসার৷ সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র ১২ রান খরচ(একটি মেডেন সহ) করে ৬টি দামি উইকেট তুলে নেন আলজারি৷ আর এতেই আইপিএলের রেকর্ডবুকে নাম তুললেন নবাগত পেসার৷
এর আগে আইপিএলের সর্বকালীন সেরা স্পেল ছিল পাক ক্রিকেটার সোহেল তনভিরের৷ আইপিএলের প্রথম মরশুম অর্থাৎ ২০০৮ সালে জয়পুরে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে রাজস্থানের হয়ে ১৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন তনভির৷ ১১ বছর আগের সেই রেকর্ডই এদিন ভেঙে দিলেন আলজারি৷ ম্যাচে ১২ রানে খরচ করে ৬ উইকেট পান ডানহাতি পেসার৷ উপ্পলে শনিবার রাতে সানরাইজার্সের বিরুদ্ধে তাঁর স্পেলই এখন আইপিএলের ইতিহাসের সর্বকালীন সেরা বোলিং রেকর্ড৷
একনজরে আইপিএলের সর্বকালীন সেরা বোলিং স্পেল-
আলজারি জোসেফ– প্রতিপক্ষ সানরাইজার্স, দল-মুম্বই, ১২/৬, ২০১৯ সাল
সোহেল তনভির– প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস, দল-রাজস্থান রয়্যালস, ১৪/৬, ২০০৮ সাল
অ্যাডাম জাম্পা– প্রতিপক্ষ সানরাইজার্স, দল রাইজিং পুনে, ১৯/৬, ২০১৬ সাল
অনিল কুম্বলে– প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস , দল রয়্যাল চ্যালেঞ্চার্স ব্যাঙ্গালোর,৫/৫, ২০০৯ সাল
ইশান্ত শর্মা- প্রতিপক্ষ কোচি , দল-ডেকান চাজার্স, ১২/৫, ২০১১ সাল
লসিথ মালিঙ্গা– প্রতিপক্ষ ডেকান চাজার্স, দল মুম্বই ইন্ডিয়ান্স ১৩/৫, ২০১১ সাল
অঙ্কিত রাজপুত– প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ, দল কিংস ইলেভেন, ১৪/৫, ২০১৮ সাল
সেই সঙ্গে এদিন আইপিএলে বল হাতে সেরা অভিষেকের রেকর্ডও গড়ে ফেললেন আলজারি
একনজরে রেকর্ড-
আলজারি জোসেফ– ১২/৬, ২০১৯ সালে
অ্যান্ড্রু টাই– ১৭/৫, ২০১৭ সালে
সোয়েব আখতার– ১১/৪, ২০০৮ সালে



