
আহম্মদ হোসেন বাবু
দেখতে দেখতে ভালোবাসতে বাসতে চলে গেল বেলা
ঘোরের ভেতরে থাকতে থাকতে, সাঙ্গ হল মেলা।
কাছে-দূরে কত ভাবে আমি তোমাকে দেখেছি
যত দেখি বাড়ে তৃষ্ণা তত, বিভোরে থেকেছি!
কতশত নামে ডেকেছি তোমায় সুরে-সুরে
বন্দনা করেছি আমি সারাবেলা ঘুরে-ঘুরে।
তোমার পরশে উদগ্র উতল এই হিয়া
তুমি বন্ধু মরমিয়া, বন্ধু তুমি দরদিয়া।
হাজরে আস্ওয়াদে চুম্বনে চুম্বনে ঝরে পাপ
সেই অছিলায় কত মানুষ পেয়েছে মাপ।
পাথরে ইব্রাহিমের পদচিহ্ন সমুজ্জ্বল
দু’ফোটা চোখের জলে কেউ হয়না বিফল।
তোমার আশিস পেয়ে সত্যি আজ আমি ধন্য
তন্দ্রাহীন ব্যস্ত তুমি, এই পৃথিবীর জন্য।
গায়ের গিলাপ ছেড়ে আমাদের হলো দেখা!
কখনো ভাবিনি এভাবে রয়েছে ভাগ্যলেখা!
সাদা-কালো কাপড়ের মধ্যে জমা কত স্মৃতি
সাক্ষী থেকো মক্কার বিড়াল হবো না বিস্মৃতি।



