
হবিগঞ্জে গুলিবিদ্ধসহ ৬ ডাকাত আটক
হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও এলাকায় দেশীয় অস্ত্র ও গুলিবিদ্ধসহ ৬ ডাকাতকে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় আহত অবস্থায় ২ ডাকাতকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন ২ পুলিশ সদস্য। তাদেরকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার উল্লেখিত সময়ে একটি ডাকাতদল উচাইল চারিনাও এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হবিগঞ্জ সদর মডের থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলিছুড়ে। এতে বাহার ও ফারহাদ নামে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে ৬ ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় ডাকাতদলের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। আহত অবস্থায় ডাকাত ফরহাদ ও বাহারকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের সাথে গুলিগুলির সময় সদর থানার এসআই কামাল ও এএসআই ইয়াছিনুল হক আহত হলে তাদেরকেও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আটককৃত ডাকাতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার উচাইল (চারিনাও) গ্রামের আবুল কালামের পুত্র ফরহাদ মিয়া (২২), করিম মিয়ার পুত্র দুলাল মিয়া (২০), লিলু মিয়ার পুত্র বাহার মিয়া (৩৫), জিতু মিয়ার পুত্র ইউনুছ মিয়া (৩৬), সফর আলীর পুত্র মানিক মিয়া (৪৮), লিলু মিয়ার পুত্র আব্দুল আউয়াল (২০)।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ২ জন গুলিবিদ্ধসহ ৬ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।



