বাংলাদেশ

১ জানুয়ারির বই উৎসব নিয়ে আশঙ্কা

১ জানুয়ারির বই উৎসব করোনাভাইরাসের সংক্রমণের কারণে হুমকির মুখে রয়েছে।

সরকার এ দিনটিকে ২০১০ সাল থেকে প্রতি বছর জাঁকজমকের সঙ্গে উদযাপন করে আসছে। কিন্তু এ বছর কার্যাদেশ না দিতে পারায় সময়মতো বই ছাপার কাজ শেষ না হওয়ার আশঙ্কা রয়েছে।

পাশাপাশি করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জড়ো করে অন্যান্যবারের মতো বই বিতরণের আয়োজনটি নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে।

এবারের ১ জানুয়ারির বই উৎসব বাতিল করা হতে পারে অথবা সীমিত পরিসরে আয়োজন করা হতে পারে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, অন্যবারের মতো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের সুযোগ না থাকার আশঙ্কাই বেশী।

এনসিটিবিসংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য প্রায় ৩৫ কোটি বই ছাপা হচ্ছে। এর মধ্যে ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৫৫৫টি প্রাথমিক স্তরের। আর মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ি স্তরের ২৪ কোটি ৪১ লাখ।

৫ থেকে ৮ অক্টোবরের মধ্যে প্রাথমিকের বই ছাপার কার্যাদেশ পেয়েছে মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো। মাধ্যমিকের বই ছাপার কার্যাদেশ দেওয়া হয়েছে অক্টোবরের মাঝামাঝিতে।

মুদ্রণসংশ্লিষ্টরা জানিয়েছেন, সক্ষমতার ঘাটতি থাকায় একসঙ্গে বেশি পরিমাণ কাগজ কিনতে পারছে না প্রতিষ্ঠানগুলো। এতে করে বেশি কাজও করতে পারছে না তারা।

কর্মীরা দক্ষ না হওয়ায় নমুনা নেওয়ার সময় অনেক কাগজ নষ্ট হচ্ছে। মূলত যেসব মুদ্রণকারী প্রতিষ্ঠান এবার বিনামূল্যের বইয়ের কাজ পায়নি, সেখান থেকেই অস্থায়ী জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।

এদিকে করোনার প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও যথাসময়েই পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করতে চায় সরকার। অন্যান্যবারের মতো আনুষ্ঠানিকতার ভাবনা মাথায় রেখেই কাজ করছেন সংশ্লিষ্টরা।

কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির যদি উন্নতি না হয় সে ক্ষেত্রে ভিন্ন চিন্তা করবেন বলেই জানিয়েছেন তারা। যদিও এ বিষয়ে এখনই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবে না মন্ত্রণালয়। ফলে এ বিষয়ে কেউ কথা বলতে রাজি নন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension