
২০ দলীয় জোটের পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বদলির দাবি
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন, ২০ দলীয় জোটের প্রতিনিধি দলের সদস্য এবং ২০ দলের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি জানান, পক্ষপাতদুষ্ট ও বিতর্কিত জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বদলির দাবি জানিয়েছে ২০ দলীয় জোট।
তিনি দাবি করেন, ইসি আমাদের দাবিগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা বিতর্কিত কর্মকর্তাদের শাস্তি চাই না। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে এক জেলার কর্মকর্তাদের অন্য জেলায় বদলি চাই।
তিনি বলেন, এখনও সারাদেশে গায়েবি মামলায় বিএনপির নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এসব মামলায় কোনও আসামির নাম উল্লেখ না থাকায়, নির্বাচনের আগে পুলিশ বিএনপির এজেন্টদের এসব মামলায় গ্রেফতার দেখাবে। তাই আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এসব মামলা স্থগিত রাখার দাবি জানিয়েছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজকের দিন পর্যন্ত ইসি সুষ্ঠু বা নিরপেক্ষভাবে কাজ করছে তা প্রমাণ করতে পারে নি। তাদের সীমাবদ্ধতা আছে সেটা আমরা জানি। তবে আমরা যে ১৩টি প্রস্তাব এনেছি তাতে ইসি একমত হয়েছে।
জাতীয় ঐক্যফন্টের পক্ষ থেকে কয়েকদিন আগে নির্বাচন কমিশনে বিতর্কিত কর্মকর্তাদের তালিকা দেওয়া হয়েছিল। রোববারও ইসির সঙ্গে বৈঠকে ওই কর্মকর্তাদের নির্বাচনকালীন সময়ে অন্যত্র বদলির দাবি জানায় ২০ দলীয় জোটের প্রতিনিধি দল। তাদের দাবি, নির্বাচন সুষ্ঠু করার জন্য অতীতে এ ধরনের পদক্ষেপ নিয়েছে ইসি।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্বপালনের সময় অনেক কর্মকর্তাই সরকারি দলের প্রার্থীকে জয়ী করার জন্য রাতের আধারে ব্যালট পেপারে ভোট কাস্ট করে রাখেন। এ ধরনের কর্মকাণ্ড এড়াতে ইসির আগে থেকেই ব্যবস্থা নেওয়া দরকার। সরকার একটি দুরভিসন্ধি ও নীলনকশার নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়তিই বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেফতার করছে, ভয়ভীতি দেখাচ্ছে, মিথ্যা মামলা দায়ের করছে।
এই ধরনের কর্মকান্ড বন্ধে নির্বাচন কমিশনকে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। এভাবে চললে নির্বাচন বানচাল হতে পারে। ইসির নির্দেশনা সত্ত্বেও সরকারের এমপি মন্ত্রীরা সব ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। এক্ষেত্রে কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, নারায়ণগঞ্জ জেলার এএসপির স্ত্রী ফাতেমা তুজ জোহরা আওয়ামী লীগ দলীয় এমপি। সম্প্রতি সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন। এমন অবস্থায় ইচ্ছা থাকা সত্ত্বেও তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। এছাড়া নির্বাচনকালীন সরকারি রেডিও ও টেলিভিশনে ইসি নিয়ন্ত্রণে থাকা উচিত বলে মনে করে বিশ দলীয় জোট। বেসরকারি গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিতের লক্ষ্যে ইসির তরফ থেকে একটি গাইডলাইন করা প্রয়োজন। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা ভঙ্গকারীদের গ্রেফতারের ক্ষমতা দিয়ে পুলিশের মত সশস্ত্র বাহিনীকেও দায়িত্ব দেওয়া দরকার।
আগামী ১৫ ডিসেম্বর থেকে নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা প্রয়োজন। প্রত্যেক নির্বাচনী এলাকায় পূর্ণ ক্ষমতাসহ ১১ ডিসেম্বর থেকে ম্যাজিট্রেট নিয়োগ করা প্রয়োজন। ভোটের দিন এই সংখ্যা বাড়ানো দরকার। তাছাড়া এত টাকা ব্যয় করে জনগণের ইচ্ছার বিরুদ্ধে ইভিএম ব্যবহার করা উচিত নয়। এটি বন্ধ করতে হবে।
নির্বাচনের সময় মন্ত্রী ও সিনিয়র নেতারা ব্যক্তিগত নিরাপত্তার জন্য স্পেশাল ব্রাঞ্চের নিরাপত্তা রক্ষী পেয়ে থাকেন। একইভাবে বিএনপি স্থায়ী কমিটির সকল সদস্যসহ নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিরাপত্তা দেওয়াটা যৌক্তিক। তা না হলে ইসি পক্ষপাতিত্ব করছে বলে মনে হবে। অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো বিরোধী দলের দাবি দাওয়া শুনতো ও ব্যবস্থা নিত। ইসি সেইভাবে ব্যবস্থা নিতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ ।



