
নিউইয়র্কের বাংলা গানের কিংবদন্তি সুবীর নন্দীর স্মরণ সভা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলা গানের কিংবদন্তি সুবীর নন্দীর স্মরণ সভা করলো যৌথভাবে নিউইয়র্কের সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ‘৭১ ও আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব। গত ১০মে স্থানীয় সময় বিকেল ৫টা জ্যাকসন হাইটসের ৭০-৫২ ব্রডওয়ের মিলনায়তনে অনুষ্ঠানের শুরুতে কিছুক্ষণ নিরবতা পালন এবং ‘কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে’ গানটি সমবেত ভাবে পরিবেশন করে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাভলু আনসারের সঞ্চালনায় স্মরণ সভায় সুবীর নন্দীর স্মৃতিচারণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা শহীদ হাসান,সংগীত শিল্পী তপন মোদক, তানভীর শাহীন, রাজীব ভট্টাচার্য, কামরুজ্জামান বকুল ও সবিতা দাশ, সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ‘৭১এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারী,মুক্তিযোদ্ধা খুরশীদ আনোয়ার বাবুল, চলচ্চিত্রকার আবুল বাসার চুন্নু, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,সাংবাদিক সনজীবন কুমার,কানু দত্ত ও শাহ্ জে.চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট শুভ রায়,আকাশ খান ও রাজনীতিক জাকির হোসেন বাচ্চু।

সমাপনী বক্তব্য করেন সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ‘৭১এর সভাপতি রাশেদ আহমেদ।

বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা প্রকাশ করে বক্তরা বলেন, সুবীর নন্দী অসংখ্য কালজয়ী গান গেয়েছেন। তাঁর গান বাংলার সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করেছে। সংগীত ও সংস্কৃতির ক্ষেত্রে তাঁর অবদান জাতি দীর্ঘকাল স্মরণ রাখবে। গুণী এ শিল্পীকে হারানোর ক্ষতি কখনই পূরণ হবে না। তাঁর মৃত্যুতে দেশের সংস্কৃতির অঙ্গনে অপূরণীয় ক্ষতি হলো।

উল্লেখ্য, গত ৭ মে ভোর সাড়ে ৪টা ২৬ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী। পরে ঢাকার সবুজ বাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে দাহ করা হয় বাংলা গানের এ কিংবদন্তিকে।



