
নেপালে রাজতন্ত্রের দাবিতে বিক্ষোভ, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস
নেপালে রাজতন্ত্র ফেরাতে রাজধানী কাঠমান্ডুতে বিক্ষোভ করেছেন নেপালের সাবেক রাজা জ্ঞানেন্দ্রর হাজার হাজার সমর্থক। এ সময় তারা নেপালকে হিন্দু রাষ্ট্রের মর্যাদাও ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা। বৃহস্পতিবার কাঠমান্ডুতে এমন বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়, বিক্ষোভকারীরা জাতীয় পতাকা দোলাতে থাকেন। সাবেক রাজা জ্ঞানেন্দ্রপন্থি স্লোগান দিতে থাকেন। তারা কাঠমান্ডুর পাশেই সমবেত হন। চেষ্টা করেন শহরের কেন্দ্রীয় অঞ্চলে প্রবেশের। কিন্তু দাঙ্গা পুলিশ তাদেরকে আটকে দেয়। বাঁশের লাঠি প্রয়োগ করে।
কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে। এতে উভয় পক্ষে বেশ কিছু মানুষ আহত হয়েছে। এই র্যালির আগে থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। তা সত্ত্বেও বিক্ষোভ থেকে স্লোগান দেয়া হয়- আমাদের জীবনের চেয়ে রাজা ও দেশকে বেশি ভালবাসি। রাজতন্ত্র ফিরিয়ে আনো। প্রজাতন্ত্র বাতিল করো।
২০০৬ সালে কয়েক সপ্তাহে রাজপথে আন্দোলনের প্রেক্ষিতে তখনকার রাজা জ্ঞানেন্দ্র কর্তৃত্ববাদী রাজতন্ত্র বাতিল করতে বাধ্য হন। দেশে প্রচলন করেন গণতন্ত্র। দু’বছর পরে দেশটিতে একটি নির্বাচিত পার্লামেন্ট আসে। তারাই ভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০০৮ সালে রাজতন্ত্রকে বিলুপ্ত করেন এবং নেপালকে একটি প্রজাতন্ত্র ঘোষণা করেন। এর প্রধান করা হয় প্রেসিডেন্টকে। তখন থেকেই সাবেক রাজা জ্ঞানেন্দ্র বসবাস করছেন একজন সাধারণ নাগরিকের মতো। তার কোনো ক্ষমতা নেই। কোনো নিরাপত্তা নেই। তবু জনগণের মধ্যে এখনও তার কিছু সমর্থন আছে। কিন্তু সেই সমর্থনকে পুজি করে ক্ষমতায় ফেরার সুযোগ নেই বললেই চলে।
আবার দেশকে সেই রাজতন্ত্রে ফিরিয়ে নেয়ার জন্য সারাদেশে তার সমর্থকরা বৃহস্পতিবার সমবেত হন। সরকার এবং রাজনৈতিক দলগুলোকে দুর্নীতি এবং ব্যর্থ প্রশাসন বলে অভিযুক্ত করেন তারা।



