
নিউ ইয়র্কে চলছে আন্তর্জাতিক বাংলা বইমেলা
মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৪ নভেম্বর শুরু হয়েছে। চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। এবারের বইমেলার স্লোগান হবে ‘যত বই তত প্রাণ’।
এক সভায় ফাউন্ডেশনের সভাপতি ড. নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির চার দিনব্যাপী এই বইমেলার তারিখ নির্ধারণ করা হয়।
বইমেলার আহ্বায়ক হিসেবে লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসকে মনোনীত করা হয়েছে। গত তিন দশকের বেশি সময় ধরে অনুষ্ঠিত নিউ ইয়র্ক বাংলা বইমেলা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলা ও বাংলা সাহিত্য সম্মেলন হিসাবে এরইমধ্যে পরিচিতি পেয়েছে।
মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী বিশ্বজিত সাহা বলেন, ‘৩৩তম আসরেও বাংলা ভাষার সেরা লেখক এবং দুই বাংলার জনপ্রিয় প্রকাশকরা অংশগ্রহণ করবেন। নিউ ইয়র্ক ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সাহিত্য সংগঠনকেও তাদের প্রকাশিত নতুন গ্রন্থ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হবে। সারা বিশ্বের অন্তত ৪০টি প্রকাশনা সংস্থা এতে অংশগ্রহণ করবে। এর আগে ৩২তম আসরে ৩০টির মত প্রকাশক ও সংগঠন অংশ নিয়েছিল।’
কমিটির সিদ্ধান্ত অনুসারে, ৩৩তম আসরেও বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসাবে ‘জিএফবি/মুক্তধারা সাহিত্য পুরষ্কার’ দেওয়া হবে। এ পুরষ্কারের মূল্যমান ৩হাজার মার্কিন ডলার। এর আগে যারা এই পুরষ্কার পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন নির্মলেন্দু গুণ, আবদুল্লাহ আবু সায়ীদ, দিলারা হাশেম, শামসুজ্জামান খান ও আসাদ চৌধুরী। মেলায় অংশগ্রহণকারী সেরা প্রকাশককে ‘চিত্তরঞ্জন সাহা প্রকাশক পুরষ্কার’ দেওয়া হবে। এ পুরষ্কারের মূল্যমান ৫০০ মার্কিন ডলার। ২০২৩ সালের বইমেলায় যৌথভাবে এ পুরষ্কার পেয়েছিলো ঢাকার কথাপ্রকাশ ও নালন্দা প্রকাশনী।
নিউ ইয়র্কে ৩৩ তম বাংলা বই মেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস বলেন, এবারের বইমেলা আয়োজনের জন্য একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বইমেলার অর্থায়নে সহায়তার জন্য প্রবাসের গুণীজনকে ‘সম্মানিত সদস্য’ হিসাবে যুক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।



