
রেস্তোরাঁয় জন্ম নিল শিশু, আজীবন ফ্রি খাবারের ঘোষণা
রূপসী বাংলা ডেস্ক:‘আমরা শুধু খাবারই সরবরাহ করি না, সন্তানের ডেলিভারিতেও সহযোগিতা করি’- যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফুড চেইন চিক-ফিল-এ তাদের ফেসবুকে এমনটাই ঘোষণা করেছে।কিন্তু এ আবার কেমন কথা? খাবারের সঙ্গে শিশুর ডেলিভারির কী সম্পর্ক?
আসলে এই রেস্তোরাঁরই ওয়াশরুমে নবজাতকের জন্ম দিয়েছেন এক নারী। গত ১৭ জুলাই রাতে যখন চিক-ফিল-এর টেক্সাসের সান অ্যান্তোনিও’র একটি দোকানের কর্মীরা দোকান বন্ধই করতে যাচ্ছিলেন, তারা শোনেন কেউ খুব জোরে জোরে বাথরুমের দরজায় আঘাত করছেন। তখনও তারা ভাবতেই পারেননি তাদেরই ওয়াশরুমে জন্ম নেবে এক শিশু।
চিক-ফিল-এ তার শিশুর জন্মের গল্পটি ফেসবুকে ওই শিশুটিরই বাবা রবার্ট গ্রিফিন শেয়ার করেছেন। বলা বাহুল্য পোস্ট হতে না হতেই ভাইরাল হয়ে যায় এই ঘটনাটি। ওই ফেসবুক পোস্টে তিন লাখের বেশি ‘লাইক’ পেয়েছেন রবার্ট। কীভাবে তিনি এবং তার স্ত্রী ম্যাগি হাসপাতালে যাচ্ছিলেন, মাঝে চিক-ফিল-এতে তাদের বড় মেয়েকে এক বন্ধুর সঙ্গে নামিয়ে দেয়ার পরিকল্পনা ছিল তাদের- সেই সমস্তই ফেসবুকে বিস্তারিত লিখেছেন রবার্ট।
‘ম্যাগির প্রচণ্ড লেবার পেইন হচ্ছিল। আমাকে সে জানায় এক্ষুণি বাথরুমে যেতেই হবে তাকে। বড় মেয়েকে রেস্টুরেন্টে নামানোর পর ম্যাগিকে বাথরুম থেকে নিয়ে আসতেই ভেতরে ঢোকেন রবার্ট। রবার্ট আরও লিখেছেন, ‘আমাকে হোটেলের ম্যানেজার জানান ম্যাগি বিশ্রামকক্ষে আছেন, ব্যথায় চিৎকার করছে। আমরা দৌড়ে সেখানে যাই। দেখতে পাই মাথাটা বেরিয়ে আসছে আমাদের শিশুর।’
রবার্ট লিখেছেন, যে ম্যানেজারকে ৯১১-এ ফোন করে পরিষ্কার তোয়ালে নিয়ে এসে বাচ্চাটির সুস্থ ডেলিভারির চেষ্টা করতে থাকেন তিনি। বুঝতে পারেন নাড়িটি নবজাতকের গলায় পেঁচিয়ে গেছে। কিন্তু স্ত্রীকে এই নিয়ে কিছুই বলেন না তিনি। বরং তাকে শান্ত করতে থাকেন যাতে শিশুর জন্ম দিতে কোনও জটিলতা না তৈরি হয়। তারপর সাবধানে তিনি নাড়ির প্যাঁচ থেকে বার করে আনেন তাদের নবজাতককে। সুস্থভাবেই পৃথিবীর আলো দেখে রবার্ট ও ম্যাগির দ্বিতীয় কন্যা সন্তান গ্রেসিলন মে ভায়োলেট গ্রিফিন।
ফেসবুক পোস্টে এই জন্মের কাহিনিকে অনেকেই ‘বিস্ময়কর’ বলে কমেন্ট করেছেন। নবজাতককে অভিনন্দনও জানিয়েছেন অনেকেই।
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ওই সংস্থা আজীবন বিনামূল্যে গ্রেসিলনকে খাদ্য সরবরাহ করবে বলে জানিয়েছে, এখানেই শেষ না, গ্রেসিলিন বড় হয়ে ওখানে চাইলে প্রথম চাকরি করতে পারে বলেও ঘোষণা করেছে চিক-ফিল-এ।
সূত্র: এনডিটিভি



