পশ্চিমবঙ্গে পুলিশের ডিজিকে সরিয়ে দেওয়ার নির্দেশ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের পদে ছিলেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা রাজীব কুমার। নির্বাচনের তারিখ ঘোষণার পরই তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিল দেশটির নির্বাচন কমিশন।
গত ডিসেম্বর মাসে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে আনা হয়েছিল রাজীব কুমারকে। এর আগে একসময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন তিনি।
সারদা মামলায় তাঁকে জেরা করে ভারতের কেন্দ্রীয় অনুসন্ধান সংস্থা (সিবিআই)। বস্তুত তাঁর বাড়িতে সিবিআই যাওয়ায় কলকাতার রাজপথে বিক্ষোভে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিনের জন্য সে সময় ফেরার ছিলেন রাজীব কুমার। তাঁকে নিয়ে সে সময় বহু বিতর্ক হয়েছিল।
এবার নির্বাচনের ঠিক আগে তাঁকেই রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে ফিরিয়ে আনে তৃণমূলের সরকার। বস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘনিষ্ঠ আইপিএস অফিসারকে নিয়ে সে সময়ও বহু প্রশ্ন উঠেছিল।
এদিকে গত শনিবার ভারতের নির্বাচনের দিন ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। নিয়ম মতো এবার প্রতিটি রাজ্য নির্বাচনী কোড অব কনডাক্টের মধ্যে ঢুকে পড়েছে।
নির্বাচন কমিশন চাইলে রাজ্যগুলোর কার্যপ্রণালিতে হস্তক্ষেপ করতে পারে। সেই ক্ষমতা ব্যবহার করেই রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল ও উত্তর প্রদেশের স্বরাষ্ট্রসচিবকে সরানোর নির্দেশও দেওয়া হয়েছে।



