ভারত

‘ভারত-রাশিয়া অংশীদারি আরো এগিয়ে নিতে চাই’: পুতিনকে মোদির বার্তা

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল জয়ের জন্য ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এদিন এক বার্তায় মোদি লিখেছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হওয়ার জন্য ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানাই। আগামী বছরগুলোতে ভারত-রাশিয়া মৈত্রী ও কৌশলগত অংশীদারত্বকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি তাঁর সঙ্গে কাজ করতে উন্মুখ।’

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ৮৭ শতাংশের বেশি ভোট পেয়ে ষষ্ঠবারের জন্য ক্ষমতায় বসতে চলেছেন পুতিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। গত আড়াই দশকে কার্যত বিরোধীহীন হয়ে পড়া রুশ রাজনীতিতে পুতিন ‘অপ্রতিরোধ্য’ বলেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ ভোটের আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। ফলাফলেও তা মিলে গেছে।

ক্রেমলিনের পক্ষ থেকে ইঙ্গিত ছিল, আগের চারটি প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় পুতিনের ভোটবৃদ্ধি নিশ্চিত। মিলে গেছে তা-ও। এর আগে ২০১৮ সালে প্রেসিডেন্ট ভোটে পুতিন ৭৭.৫ শতাংশ ভোট পেয়েছিলেন। সেই নির্বাচনে তেমন প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও জোর করে ব্যালট বাক্স জাল ভোট ভর্তি করা, জালিয়াতি ও ভোটে বাধাদানের অভিযোগ উঠেছিল পুতিনের সমর্থকদের বিরুদ্ধে।

এবারও নানা অভিযোগ উঠেছে।
গণমাধ্যমটি বলেছে, ২০১৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় পুতিন ‘কথা দিয়েছিলেন’, ২০২৪ সালের পরে আর রাশিয়ার প্রেসিডেন্ট পদে থাকবেন না তিনি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি। গত ২৩ বছর ধরে রাশিয়ায় কার্যত দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আছেন পুতিন। ২০০০ সালের মে মাস থেকে ২০০৮ সালের মে পর্যন্ত উপর্যুপরি দুটি ভোটে জিতে সে দেশের প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি।

তৎকালীন রুশ আইন অনুযায়ী দুবারের বেশি প্রেসিডেন্ট পদে থাকা যেত না। তাই অনুগত দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট করে নিজে প্রধানমন্ত্রী হয়েছিলেন পুতিন।
এরপর ২০১২ সালে দ্বিতীয় দফায় (তৃতীয় নির্বাচন জিতে) ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হন পুতিন। পুনর্নির্বাচিত হন ২০১৮ সালে। টানা দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর জন্যই ২০২১ সালেই আইন পরিবর্তন করেছিলেন সোভিয়েত জামানায় গুপ্তচর সংস্থা কেজিবির সাবেক প্রধান পুতিন। পঞ্চমবার (দ্বিতীয় মেয়াদে টানা তৃতীয়বার) প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ২০৩০ পর্যন্ত ক্ষমতায় থাকবেন তিনি। অর্থাৎ তাঁর সামনে এখন সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই নেতার রেকর্ড ভাঙা সময়ের অপেক্ষা। এর আগে কমিউনিস্ট জামানায়, টানা ২৪ বছর করে ক্রেমলিনে ক্ষমতায় ছিলেন জোসেফ স্তালিন ও লিওনিদ ব্রেজনেভ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension