
অবৈধ অভিবাসীদের ‘পশু’ ও ‘অমানুষ’ বললেন ট্রাম্প
অবৈধ অভিবাসীদের ‘পশু’ ও ‘অমানুষ’ বললেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার মিশিগান অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচার চালানোর সময় এমন মন্তব্য করেন তিনি। ক্ষমতায় থাকাকালেও অভিবাসীদের বিষয়ে এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন ট্রাম্প।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, এদিন অবৈধভাবে আমেরিকায় থাকা সন্দেহভাজন ব্যক্তিদের বেশ কয়েকটি ফৌজদারি মামলায় জড়িত থাকার বিষয়ে বিস্তারিত বর্ণনা করেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন আইন প্রয়োগকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। আগামী ৫ নভেম্বরের নির্বাচনে জয়ী না হলে সহিংসতা ও বিশৃঙ্খলা আমেরিকাকে গ্রাস করবে বলেও সতর্ক করেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট পদপ্রার্থী।
পরে উইসকনসিন অঙ্গরাজ্যের গ্রিন বে’তে নির্বাচনী বক্তৃতায় ট্রাম্প ২০২৪ সালের আসন্ন নির্বাচনকে জাতির ‘চূড়ান্ত যুদ্ধ’ হিসাবে বর্ণনা করেন। এ সময় জর্জিয়ায় ২২ বছর বয়সী নার্সিং শিক্ষার্থী ল্যাকেন রিলের অবৈধ এক অভিবাসীর হাতে খুন হওয়ার উদাহরণ দেন। তিনি বলেন, কিছু অভিবাসী ‘অমানুষ’। মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসের বাসিন্দা ২৫ বছর বয়সী রুবি গার্সিয়া হত্যায় একজন সন্দেহভাজন অনুপ্রবেশকারী জড়িত বলেও উল্লেখ করেন সাবেক প্রেসিডেন্ট।
ট্রাম্প বরাবরই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়ে আসছেন। এর আগেও অনেকবার দাবি করেছেন, অবৈধভাবে মেক্সিকো সীমান্ত থেকে অনুপ্রবেশকারীরা আমেরিকায় বিভিন্ন সহিংস অপরাধে ইন্ধন দিচ্ছে।



