বাংলাদেশ

‘যারা দেশ চালাচ্ছেন, তারা উল্টোপথে গাড়িও চালাচ্ছেন’

রূপসী বাংলা ডেস্ক:আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের নেতা ইলিয়াস কাঞ্চন। তবে তিনি শিক্ষার্থীদের উত্থাপিত ৯ দফা দাবি আগামী রোববার থেকে সরকারকে মেনে নিতে শর্ত দেন।

সড়ক দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ ও নিরাপদ সড়কের দাবিতে আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ আহ্বান জানান তিনি।

মানববন্ধন ও সমাবেশে সংহতি প্রকাশ করে অংশ নেয় কেন্দ্রীয় খেলাঘর আসর, সেভ দ্যা রোড, সন্ধীপ সমিতি ঢাকা, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি ও ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ। এ ছাড়া রাজধানী ও রাজধানীর বাইরের কলেজের ব্যানারে মানববন্ধন ও সমাবেশে অংশ নেন অনেকেই।

ইলিয়াস কাঞ্চন সরকারের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের যে দাবি আপনারা মেনে নিয়েছেন, তা আজ শুক্রবার, কাল শনিবার হয়তো সম্ভব নয়। কিন্তু রোববার থেকেই যেন আমরা দেখতে পাই সেই কাজগুলোতে আপনারা হাত দিয়েছেন।

তিনি বলেন, যারা নিয়ম-শৃঙ্খলার জন্য রাস্তায় থেকে গাড়ির ও ড্রাইভিং লাইসেন্স চেক করেন তাদের নিজেদেরই লাইসেন্স নেই। অন্যের লাইসেন্স চেক করার আগে যেন নিজেদেরটা নিশ্চিত করা হয়। সেজন্য তাদের ডিপার্টমেন্ট, মন্ত্রণালয় থেকে যেন নির্দেশনা আসে তাদের লাইসেন্স ঠিক করার জন্য।

ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা ক’দিনে দেখলাম যারা ডাণ্ডাওয়ালা (পতাকার স্ট্যান্ড) গাড়ি ব্যবহার করার উপযুক্ত নন, তারা ডাণ্ডাওয়ালা গাড়ি ব্যবহার করেন। যারা দেশ চালাচ্ছেন, তারাই উল্টোপথে গাড়ি চালাচ্ছেন। এ অবস্থা থেকে উত্তোরণে তারা যেন বলেন, আমরা আর করব না, আমরা দুঃখিত। আমরা সন্তানদের কাছ থেকে শিখেছি আমরা আর করব না, বাবারা তোমরা ঘরে ফিরে যাও। এভাবে বললে নিশ্চয়ই আমাদের সন্তানরা ঘরে ফিরে যাবে। আপনারা যদি কাজ শুরু করে দেন, তাহলে আমি অবশ্যই বলব আমার সন্তানরা যেন ঘরে ফিরে যায়।

ইলিয়াস কাঞ্চন বলেন, সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েলের মৃত্যু ও ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা সারা দেশের মানুষের বিবেক নাড়িয়ে দিয়েছে। আমরা দেশের সড়ককে নিরাপদ করার লক্ষ্যে দীর্ঘ ২৫ বছর ধরে মাঠেই রয়েছি এবং মাঠে থাকব, যতদিন না নিরাপদ সড়ক বাস্তবায়ন হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার মানববন্ধন ও সমাবেশ চলে। তবে সকাল ১০টা থেকেই বিভিন্ন সংগঠন ও ব্যক্তি জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তার দুই পাশ বন্ধ করে সমাবেশ ও মানববন্ধন করেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে বাসাচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর শিক্ষার্থীদের নজিরবিহীন এক আন্দোলন দেখছে বাংলাদেশ। নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ওই আন্দোলনে রোববার থেকে কার্যত অচল হয়ে রয়েছে রাজধানী ঢাকা। পথে পথে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেলেও এতে মানুষকে সেভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension