আঞ্চলিকবাংলাদেশ

পুলিশ হেফাজতে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি

যশোরের অভয়নগরে পুলিশ হেফাজতে থাকা আফরোজা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি নওয়াপাড়া গ্রামের নর্থ বেঙ্গল রোডের আব্দুল জলিল মোল্যার স্ত্রী। থানা থেকে হাসপাতালে নেওয়ার পথে রোববার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

তবে আফরোজার ছেলে সাব্বির মোল্যা জানায়, ‘আমার সামনে মারধর করে চুল ঘরের ফ্যানের সঙ্গে বেঁধে আম্মুকে ঝুলিয়ে দেওয়া হয়।’

পুলিশের দাবি, শনিবার রাত দেড়টার দিকে উপজেলার নওয়াপাড়া গ্রাম থেকে ৩০ পিস ইয়াবাসহ আফরোজাকে গ্রেপ্তার করা হয়। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম।

জানা যায়, এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে আফরোজাকে গ্রেপ্তার অভিযানে অংশ নেন এএসআই সিলন আলী, এএসআই শামসুল হক ও কনস্টেবল রাবেয়া খানম।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে মহিলা হাজতে রাখা হয়। রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সুস্থতা বোধ করলে থানায় আনা হয়। সকাল পৌনে ১০টার দিকে আফরোজা ফের অসুস্থ হয়ে পড়েন এবং তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক। আফরোজার বিরুদ্ধে অভয়নগর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

আফরোজার ছোট ছেলে সাব্বির মোল্যা নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে বলে, ‘নারী পুলিশ আম্মুর শরীর তল্লাশি করেও কিছু না পেলে সিলন দারোগা আম্মুকে চড় দিতে দিতে মাটিতে ফেলে দেন। আমাকেও চড় মারেন। ঘরে নিয়ে আমার সামনে আম্মুর চুল ফ্যানের সঙ্গে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়।’

আরেক ছেলে আরিফ হোসেন মুন্না জানায়, ‘পুলিশ কোনো পরীক্ষা ছাড়াই আমার মাকে থানায় নিয়ে আসে। কোনো ওষুধ বা খাবার খেতে দেওয়া হয়নি। পরে হাসপাতালে নেওয়ার পথে আমার মায়ের মৃত্যু হয়। মায়ের কাছে টাকা দাবি করা হয়। টাকা না দিলে ২০০ পিস ইয়াবাসহ চালান করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।’

অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাকিবুল ইসলাম জানান, পুলিশ একজন মহিলা রোগী নিয়ে আসে। তার উচ্চ রক্তচাপ ছিল।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এএসআই সিলন আলী নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, থানায় এনে ওই নারীকে কোনোভাবেই নির্যাতন করা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে রাখা হয়েছে। নির্যাতন করা হলে তা অবশ্যই ময়নাতদন্তে ধরা পড়বে।

অভয়নগর থানার ওসি বলেন, মাদক কারবারি আফরোজাকে ৩০ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে শনিবার রাতে আটক করে থানায় আনা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension