
সড়ক আইন ভাঙলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
রূপসী বাংলা ডেস্ক:আগামীকাল রোববার থেকে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সারাদেশে আগামীকাল থেকে ট্রাফিক সপ্তাহ উদযাপন করা হবে। এই সময় সড়ক আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, যে অভিপ্রায় নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল, সেই আন্দোলনকে সমর্থন করি আমরা। একইসঙ্গে তাদের ধন্যবাদ জানিয়ে তাদের স্কুলে ফিরে যাওয়ার অনুরোধ করব। অভিভাবকদের অনুরোধ করব, আপনাদের সন্তানদের বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে যান, তারাই আগামীর ভবিষ্যৎ। তারা ভবিষ্যতের কাণ্ডারি।
শনিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, অনেক আগেই আমাদের যা করা উচিৎ ছিল, অথচ নানা সীমাবদ্ধতার কারণে আমরা তা করতে পারিনি- শিক্ষার্থীরা সেই কাজ করে দেখিয়েছে। কিন্তু আপনারা দেখেছেন, যাত্রাবাড়ীতে লাইসেন্স চেক করার জন্য একটি পিকআপ ভ্যানকে থামানো চেষ্টা করে এক ছাত্র। চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই ছাত্র চাপা পড়ে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ রকম ঘটনা আরো ঘটেছে। এই বিষয়গুলো নিয়ে, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় নিয়ে আমরা উদ্বিগ্ন।
ডিএমপি কমিশনার বলেন, ‘এ আন্দোলনকে রাজনীতিকরণের চেষ্টা চলছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার সকালে পুলিশ কর্মকর্তাদের ব্রিফিংয়ে দেন ডিএমপি কমিশনার। রাজধানী ঢাকায় সব তল্লাশি চৌকিতে যানবাহনের কাগজপত্র পরীক্ষা করতে পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ভিআইপি, সিআইপি, পুলিশ কর্মকর্তা কাউকে ছাড় দেয়া হবে না।
ডিএমপি কমিশনার বলেন, এত দিন পুলিশ সুযোগ পায়নি। এখন সুযোগ এসেছে, আইন প্রয়োগ করা হবে। ঢাকা শহরে যেখানে যত পুলিশ আছে, যেখানে যত পুলিশের অবস্থান আছে, সবাই গাড়ির কাগজপত্র পরীক্ষা করুন।
তিনি আরো বলেন, একজন পুলিশ সদস্য মাথায় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাবে, এটা হতে পারে না। আইনের রক্ষক হয়ে আইন ভাঙা যাবে না।
পুলিশের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কাগজপত্র পরীক্ষা করছে দেখলে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে। তবে পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না। পুলিশ আগ বাড়িয়ে কোনো অপারেশনে যাবে না।



