দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন পুতিন
দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পিয়ংইয়ংয়ের বিমানবন্দরে বুধবার (১৯ জুন) প্রথম প্রহরে পৌঁছেন তিনি। বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। গভীর রাতে বিমানবন্দরে আসার জন্য কিমকে ধন্যবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
উত্তর কোরিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিক সাক্ষাতে দুই রাষ্ট্রপ্রধান যথেষ্ট আবেগঘন ছিলেন। বিমানবন্দরে নামার পর কিম জং উন রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান। বুধবার তাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হওয়ার কথা।
উত্তর কোরিয়ার প্রশাসন জানিয়েছে, তাদের বিশ্বাস, এই আলোচনার ফলে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে।
২৪ বছর পর উত্তর কোরিয়ায় সফর করলেন ভ্লাদিমির পুতিন।
উত্তর কোরিয়া জানিয়েছে, বিশ্বের রাজনীতিতে যেভাবে মেরুকরণ হচ্ছে, তাতে পুতিনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্কো ছাড়ার আগে পুতিনও একটি ডিক্রি জারি করে এসেছেন। তাতে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের সঙ্গে সুসম্পর্ক তৈরি করাই তার প্রথম ও প্রধান লক্ষ্য।
উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করেছে রাশিয়া। অনেকেই মনে করেন, কূটনৈতিকভাবে ওয়াশিংটনকে চাপে ফেলার জন্য এমনটি করছে রাশিয়া। উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব একাধিক নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এই পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক উত্তর কোরিয়াকে অক্সিজেন দিয়েছে।
ওয়াশিংটন অভিযোগ করে বলেছে, পিয়ংইয়ং মস্কোকে অস্ত্র দিয়েছে। এর বিনিময়ে উত্তর কোরিয়ার মহাকাশ গবেষণায় সাহায্য করেছে রাশিয়া।
বুধবার সারা দিন নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকবেন এই দুই নেতা। তবে উত্তর কোরিয়া বা রাশিয়া কেউ এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
সূত্র: ডয়চে ভেলে



