বাংলাদেশ

বার্নিকাটের ওপর হামলা যুক্তরাষ্ট্রে হামলার শামিল: ফখরুল

রূপসী বাংলা ডেস্ক:মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের ওপর হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হওয়ার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, গতকাল রাতে মার্শা ব্লুম বার্নিকাটের ওপর হামলার খবর এসেছে। যা আমাদের উদ্‌বিগ্ন করেছে। বার্নিকাটের সম্মানার্থে নৈশভোজের আয়োজন করেছিলেন সুজনের পরিচালক বদরুল আলম মজুমদার। নৈশভোজ সেরে চলে যাওয়ার সময় সেখানে আগে থেকেই ওতপেতে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই হামলার ঘটনায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিরাট ক্ষুণ্ন হবে। উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় মার্কিন রাষ্ট্রদূতের বিদায় উপলক্ষে এক সৌজন্য নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে মার্কিন রাষ্ট্রদূত অংশ নেন। কিন্তু বদিউল আলমের মোহাম্মদপুরের বাসার সামনে আগে থেকেই আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ অবস্থান নেয়। বদিউল আলমের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করছিল। তিনি আরও বলেন, ওই সময়ে মার্কিন রাষ্ট্রদূত বের হলে আওয়ামী ‘সন্ত্রাসীরা’ তার গাড়িতে আক্রমণ করে এবং ইট-পাথর নিক্ষেপ করে। এ ঘটনায় তাঁর গাড়ির চালক আহত হয়েছেন। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর কারণে মার্কিন রাষ্ট্রদূতের জীবন রক্ষা পেয়েছে।

হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম। তিনি বলেন, বদিউল আলম মজুমদার একজন সজ্জন এবং স্পষ্টভাষী মানুষ। এই হামলায় তার বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং হামলায় তাঁর ছেলে আহত হয়েছেন। তিনি হামলার নিন্দা জানান।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় পুলিশ গতরাতে তল্লাশি করেছে। তিনি একজন সাবেক মন্ত্রী। বাংলাদেশের একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁর বাসায় বারবার হামলা চালানোর ঘটনা বিএনপি ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর হামলা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমীর খসরুর ওপর ‘হামলা’ বন্ধের আহ্বান জানান তিনি।

এ সময় এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমীর খসরু সাহেব কী বলেছেন, তা আমি শুনিনি। যতদূর শুনেছি, তাতে তিনি বলেছেন, বসে আছ কেন? ছাত্রদের সঙ্গে মাঠে নেমে পড়। এ কথাটি কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে, সেটা ওই কথোপকথনে উল্লেখ নেই। এটি তো অপরাধ নয়। কারণ গোটা বাংলাদেশ শিক্ষার্থীদের সঙ্গে। গোটা দেশের মানুষ নেমে পড়েছে, অপরাধটা কোথায়? তিনি অভিযোগ করেন, কণ্ঠস্বর তৈরি করে বা বিকৃত করে অডিও বের করা অস্বাভাবিক কিছু না।

ধানমন্ডির ঘটনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানা গেছে, গতকাল ছাত্রলীগের সন্ত্রাসীদের’ হামলায় বেশকিছু শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে গেছে। তবে কতজন ভর্তি হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension