
‘বাংলাদেশি সন্দেহে দিল্লিতে বাঙালিদের অত্যাচার পুলিশের’
রূপসী বাংলা ডেস্ক:পশ্চিমবঙ্গের সাংসদ ও রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী কেন্দ্রীয় সরকারকে বলেছেন, বাংলাদেশি সন্দেহে দিল্লি ও সংলগ্ন এলাকায় বাঙালিদের হয়রানি করছে পুলিশ। কাজের খোঁজে ভিনরাজ্যে গিয়ে হেনস্থা হতে হচ্ছে পশ্চিমবঙ্গের বাঙালিদের।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-কে চিঠি দিয়ে এমনটাই অভিযোগ করলেন অধীর চৌধুরী। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।
অধীরের অভিযোগ, দিল্লি ও সংলগ্ন এলাকায় বাংলাদেশি সন্দেহে বাঙালিদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। তাদের আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যা এক কথায় বেআইনি।
অধীর জানিয়েছেন, হয়রানির শিকার অনেকেই তার সংসদীয় এলাকা মুর্শিদাবাদের বাসিন্দা। অবিলম্বে বাঙালিদের ওপর এই নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন বহরমপুরের সাংসদ।
কাজের খোঁজে দিল্লি ও আশেপাশের এলাকাগুলিতে যান পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদার মতো জেলা থেকে অন্য রাজ্যে যাওয়ার প্রবণতা বেশি। দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় মূলত নির্মাণকাজের সঙ্গে যুক্ত এই শ্রমিকরা। এছাড়া ছোট দোকান বা রিকশাও চালান অনেকে। নারীরা বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করেন। দিল্লির পার্শ্ববর্তী নয়ডা, গাজিয়াবাদ বা বৈশালির মতো এলাকায় ছোট ঘর বানিয়ে থাকেন এই বাঙালিরা।
গত বছর জুলাইতে নয়ডার মহাগুণ মডার্ন সোসাইটিতে এক বাঙালি পরিচারিকাকে আটকে রাখার ঘটনায় উত্তেজনা ছড়ায়। নয়ডার সেক্টর ৭৮-এ ওই বাড়ির গেটে ইট বৃষ্টি করেন এলাকায় বসবাসকারী অন্যান্য বাঙালিরা। এরপরই নয়ডার বিস্তীর্ণ এলাকায় বাঙালি পরিচারিকা নিষিদ্ধ হয়। কাজ হারান বহু মানুষ।
অভিযোগ, আসামে এনআরসি বা নাগরিকপঞ্জির খসড়া তালিকা প্রকাশের পর আবার শুরু হয়েছে সেই অত্যাচার।
সূত্র: জি নিউজ



