
শ্রীলঙ্কায় নির্বাচন, ভূমিধস জয় পেতে পারে অনূঢ়া কুমারের দল
শ্রীলঙ্কায় আগাম নির্বাচনে দেশটির নতুন প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকের দল ভূমিধস জয় পেতে পারে। গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দেশটির পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর প্রায় অর্ধেক ভোট গণনা করা হয়েছে। এতে দেখা গেছে দিশানায়েকের দল ন্যাশনাল পিপলস পাওয়ার (এপিপি) পার্টি ৬৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে। দেশটির নির্বাচন কমিশনের ফলাফলে এমন চিত্র দেখা গেছে। খবর এনডিটিভি
ভেঙে দেয়া পার্লামেন্টে অনূঢ়ার মাত্র তিনটি আসন ছিল। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ২২৫টি সংসদীয় আসনের মধ্যে তার দল এগিয়ে রয়েছে।
দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং দেশের চুরি যাওয়া সম্পত্তি উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন অনূঢ়া কুমার দিশানায়েকে। দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর প্রায় দুই বছর ধরে শ্রীলঙ্কার অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে।
৫৫ বছর বয়সী প্রেসিডেন্ট দিশানায়েকে বলেন, আমরা প্রত্যাশা করছি এবারের নির্বাচনে পার্লামেন্টে শক্ত অবস্থান তৈরি করতে পারব। দেশটির রাজধানীর একটি ভোট কেন্দ্রে ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা বিশ্বাস করি এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং শ্রীলঙ্কার জন্য টার্নিং পয়েন্ট।’
এবারের সংসদীয় নির্বাচনে এপিপি আশা করছে তারা সংসদে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।



