
এবারে পাকিস্তানে মানবিক সাহায্য নিয়ে শাহ্ ফাউন্ডেশন
করাচী, পাকিস্তান: নিউ ইয়র্ক ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন এবারে পাকিস্তানের সিন্ধ প্রদেশের রাজধানী করাচীতে মানবিক হাত বাড়িয়ে এগিয়ে গেল। পাকিস্তানের করাচীতে অটিস্টিক বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্যে গড়ে ওঠা ‘স্কুল ফর চিলড্রেন উইথ স্পেশাল নিড অ্যান্ড স্লো লারনারস’কে গেল ১০ ডিসেম্বর ৬ লক্ষ রুপি অর্থ সহযোগিতা দেয় শাহ্ ফাউন্ডেশন।
শাহ্ ফাউন্ডেশন পক্ষ থেকে স্কুলের পরিচালনা পরিষদের হাতে অর্থ সহযোগিতা তুলে দেন খুরশিদ খান।

স্কুল ফর চিলড্রেন উইথ স্পেশাল নিড অ্যান্ড স্লো লারনারস্ সংশ্লিষ্টরা জানিয়েছেন, করাচিতে অটিস্টিক শিশুদের জন্য স্কুলটি পরিচালিত হয়ে আসছে। এখানে ছেলেমেয়েদের লেখাপড়া, ছবি আঁকা ও গান শেখানো হচ্ছে। তাদের দেখভালের জন্য রয়েছেন শিক্ষক-কর্মচারী। এছাড়া অটিস্টিক শিশুদের থেরাপি ও অন্যান্য চিকিৎসা দেওয়ার কথাও চিন্তা করা হচ্ছে। পর্যাপ্ত আর্থিক সহযোগিতা পেলে অটিস্টিক শিশুদের চাহিদা অনুযায়ী সব ধরনের সেবা দেওয়া সম্ভব হবে।

শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহ্ জে. চৌধুরী বলেন, প্রতিষ্ঠার পর থেকেই শাহ্ ফাউন্ডেশন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনটি যুক্তরাষ্ট্র সহ বাংলাদেশ ও ভারতের অসহায় মানুষের পাশে সবসময় তাদের সাধ্যমতো দাঁড়িয়েছে। আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে করাচীর এই স্কুলটির পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। অটিস্টিক শিশুরা ব্যক্তির সঙ্গে যোগাযোগে অদক্ষ, তারা সামাজিক সম্পর্ক গড়ে তোলার অসামর্থ্য এবং পরিবেশের সঙ্গে মিশে যথাযথভাবে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে না।

তিনি বলেন, স্কুল ফর চিলড্রেন উইথ স্পেশাল নিড অ্যান্ড স্লো লারনারস্ এই শিশুদের সামাজিক বিকাশ ও স্বাবলম্বী করে গড়তে কাজ করছে। আমরা তাদের সে কাজে অংশ হতে চেয়েছি।




