
পৃথ্বীর ভবিষ্যৎ দেখেছিলেন সচিন
রূপসী বাংলা ডেস্ক: দেশের অন্যতম সেরা উঠতি প্রতিভাকে নিয়ে এক দশক আগেই ভবিষ্যতবাণী করেছিলেন ক্রিকেটঈশ্বর৷ তাঁর অনুমান যে ভুল ছিল না বুধবার তা প্রমাণ করে দিয়েছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার পৃথ্বী শ৷ ইংল্যান্ডের মাটিতে শেষ দুই টেস্টের দলে ডাক পেয়েছেন পৃথ্বী৷ এই প্রথম সিনিয়র দলে ডাক পেলেন মহারাষ্ট্রের এই ক্রিকেটার৷ এর আগে দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন৷ পৃথ্বীর ক্যাপ্টেন্সিতে বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছে ভারত৷ বর্তমান সময়ে ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডের মাটিতে খেলেছেন পৃথ্বী৷ ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিকতা দেখিয়েছেন এই ক্রিকেটার৷
বৃহস্পতিবার ১০০এমবি নামে একটি সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে ফ্যানেদের মুখোমুখি হন সচিন৷ সেখানেই পৃথ্বীর প্রসঙ্গ ওঠে৷ সেই আলোচনাতেই সচিন বলেন, ‘এক দশক আগে এক বন্ধু পৃথ্বীকে আমার নজরে এনেছিলেন৷ প্রথম ঝলকে নেটে ওকে ব্যাট করতে দেখে মনে হয়েছিল পৃথ্বী কমপ্লিট ক্রিকেটার৷ লম্বা রেসের ঘোড়া৷’
সঙ্গে মাস্টার ব্লাস্টার আরও বলেন, ‘বন্ধু আমার অনুরোধ করেছিল পৃথ্বীকে আমি যেন গাইড করি৷ ১০ বছর আগে সেই প্রথম পৃথ্বীর সঙ্গে পরিচয়৷ ওর সঙ্গে বেশ কয়েক ঘন্টা সময় কাটিয়েছিলাম৷ ব্যাটিং টেকনিক নিয়েও কিছু টিপস দিয়েছিলাম৷ ওর ব্যাটিং গ্রিপ, স্টান্স পরিবর্তন করতে মানা করেছিলাম৷’ সচিনের সেদিনের সেই ভবিষ্যতবাণী আজ অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন পৃথ্বী৷ রুটেদের বিরুদ্ধে চলতি সিরিজেই পৃথ্বীর অভিষেক হয় কিনা সেটাই এখন দেখার৷



