
২৪ ঘণ্টায় ট্রাম্প-নেতানিয়াহুর দুই বৈঠকেও ‘ফল শূন্য’
দুই দফায় বৈঠক শেষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউজে তাদের আলোচনার দিকেই ছিল বিশ্বের নজর- হয়তো এবার থামবে গাজায় ধ্বংসযজ্ঞ, ক্ষণিকের জন্য হলেও বন্ধ হবে রক্তপাত। একটিবারের জন্য হলেও যুদ্ধবিরতির ঘোষণা আসবে বলেই ধারণা করেছিলেন অনেকেই। কিন্তু সেই আশা আবারও অপূরণই রয়ে গেল। ২৪ ঘণ্টায় দুই দফা বৈঠকের পরও আসেনি শান্তির বার্তা। বিশ্বজুড়ে যে বৈঠক সামান্য আশার আলো জাগিয়েছিল, তা শেষ পর্যন্ত থেমে গেল শুধু কূটনৈতিক সৌজন্যের আড়ালেই, কোনো কার্যকর ফল ছাড়াই।
বুধবার এএফপির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ বৈঠকের পর গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি আলোচনার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেই ধারণা করা হচ্ছিল। তবে মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউজে এক ঘণ্টারও বেশি চলা বৈঠকের পরও এ বিষয়ে কোনো প্রকাশ্য ঘোষণা ছাড়াই নীরবে হোয়াইট হাউজ ত্যাগ করেন নেতানিয়াহু।
বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, ‘গাজার পরিস্থিতি একটি ট্র্যাজেডি। আমরা এর সমাধান চাই এবং আমার বিশ্বাস, অন্য পক্ষও তা চায়।’
এর আগে সোমবার রাতে হোয়াইট হাউজে এক নৈশভোজের সময় দীর্ঘক্ষণ আলোচনা করেছিলেন এ দুই নেতা। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এটিই নেতানিয়াহুর তৃতীয় ওয়াশিংটন সফর।
আল-জাজিরা জানিয়েছে, আলোচনার বিস্তারিত তথ্য খুব কমই জানা গেছে। কারণ, বৈঠকটি কঠোরভাবে গোপন রাখা হয়েছিল।
এদিকে মধ্যপ্রাচ্যবিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভেন উইটকফ জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানো গেছে। তিনি বলেছেন, আমরা আশা করছি, এ সপ্তাহের শেষ নাগাদ ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হবে। এতে ১০ জন জীবিত বন্দি এবং ৯ জন নিহত ফিলিস্তিনির লাশ ফেরত দেওয়া সম্ভব হতে পারে। অন্যদিকে হামাসের সঙ্গে দখলদার ইসরাইলের যুদ্ধবিরতি হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে কাতার।
মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘এ মুহূর্তে আমি কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে পারব বলে মনে করি না। কিন্তু আমি বলতে পারি, আমাদের আরও সময় প্রয়োজন হবে। যুদ্ধবিরতির আলোচনা আরও অনেকদিন চলবে।’
সৌদি সংবাদমাধ্যম আশরাক নিউজ জানিয়েছে, কাতারে পঞ্চম দফায় ইসরাইল এবং হামাসের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। একজন ফিলিস্তিনি কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, আলোচনা ‘স্থবির অবস্থায়’ রয়েছে। তিনি অভিযোগ করেন, ‘ইসরাইলি প্রতিনিধিদল আলোচনার পরিবর্তে শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ ছিল।’ ওই কর্মকর্তা আরও দাবি করেছেন, ‘ইসরাইলি প্রতিনিধিদলের প্রকৃত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। যে কোনো সম্ভাব্য চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহু সিদ্ধান্তই চূড়ান্ত।’
এরই মধ্যে গাজায় অবস্থিত সব ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলের একটি ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সোমবার সাংবাদিকদের বলেছেন, তিনি রাফা শহরের ধ্বংসাবশেষের ওপর একটি ‘মানবিক শহর’ প্রতিষ্ঠা করতে চান। শহরটি পুরো ২১ লাখ জনসংখ্যার জন্য হলেও সেখানে প্রাথমিকভাবে ছয় লাখ ফিলিস্তিনি বসবাস করতে পারবেন। তিনি আরও বলেছেন, নিরাপত্তা তলাশির পর মানুষজনকে এই শহরের ভেতরে আনার লক্ষ্য হলো যাতে নিশ্চিত হওয়া যায় তারা হামাসের কর্মী নয় এবং তাদের আর সেখান থেকে বের হতে দেওয়া হবে না। যদি পরিস্থিতি অনুকূলে থাকে, তাহলে ইসরাইল ও হামাসের ৬০ দিনের যুদ্ধবিরতির সময় নির্মাণকাজ শুরু হবে। এদিকে আলোচনা চলাকালীনও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার রাতে গাজার খান ইউনুস ও উত্তরের একটি শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ২০ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ৬ শিশু। বুধবার পর্যন্ত ২৪ ঘণ্টায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৭,৫৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৬ হাজার ৮৭৯ জন।



