নির্বাচিত কলামমুক্তমত

মনুষ্যত্বের শত্রু ও মিত্র

সিরাজুল ইসলাম চৌধুরী

বৈষম্যের একটি বিশেষ ক্ষেত্র হচ্ছে গ্রাম ও শহরের ব্যবধান। একসময় সত্যি সত্যি ছিল ম্যাট্রিক পরীক্ষায় প্রথম ১০ জনের মধ্যে বেশির ভাগ ছাত্রই (ছাত্রী নয়) আসত গ্রাম থেকে।

অখ্যাত গ্রামের অত্যন্ত অজ্ঞাত বিদ্যালয়ের নাম ঝলমল করে উঠত। সংবাদপত্রে চমকে দিত শহরবাসীকে। এখন আর তেমনটা হয় না। এখন আর বলে দেওয়ার দরকার হয় না কোন কোন স্কুলের ছেলেমেয়েরা প্রথম ১০ জনের মধ্যে থাকবে।

প্রথম ২০ জনের মধ্যেও ওই একই অবস্থা। এদিক-সেদিক হবে কিছুটা, কিন্তু সে হচ্ছে প্রেমিক-প্রেমিকার মান-অভিমানের মতো, বিরাট কোনো বিশৃঙ্খলা নয়। তালিকায় মফস্বলের ঠিকানা থাকবে যে দু-একটি বিদ্যালয়ের, তারাও মফস্বলের নয়, শহরেরই তারা; শহর থেকে দূরবর্তী শুধু নামে। ঠিকানা একটিই।

বিত্তের, সৌভাগ্যের, প্রভাব-প্রতিপত্তির ঠিকানা এবং শিক্ষাক্ষেত্রে মেধাসম্পন্নদেরও ঠিকানা অভিন্ন।
মনুষ্যত্বের শত্রু ও মিত্রতাহলে কি বলা যাবে গ্রামের গুরুত্ব কমেছে? গ্রাম যে অমন নিরুদ্দিষ্ট হলো, সে কি আপন গুরুত্ব হারানোর কারণে? এই কথাটি অনেকেই স্বীকার করবে না। গ্রামকে তো যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে; গ্রামের কথাই শুনছি আমরা হামেশা। গ্রামীণ উন্নয়ন, গ্রামের দিকে যাত্রা, গ্রামের বিষয়ে গবেষণা, গ্রামকে স্বয়ং সম্পূর্ণ করা। গ্রামের অগ্রগতিই যে আমাদের অর্থনৈতিক প্রথম শর্ত—এই ঘোষণা শর্তহীন কণ্ঠে শোনা যাচ্ছে।

কিন্তু তবু সব কথা বলা সত্ত্বেও এবং বলার কারণেই সত্য যে গ্রাম পিছিয়ে গেছে, শহর গেছে এগিয়ে এবং দুইয়ের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়নি, খর্ব হয়েছে। এসব সত্যকে মিথ্যা কথা দিয়ে ঢাকা যায় না, প্রচারণায় তা মিথ্যা হয় না এবং মোটা মানুষের মেদের মতো, আহত অঙ্গের ব্যথার মতো তারা যখন-তখন প্রকাশিত হয়ে পড়ে। পরীক্ষার ফলেও ওই একই সত্য উন্মোচিত।
গ্রাম পিছিয়ে গেছে অর্থনীতিতে। লোকসংখ্যা যে হারে বেড়েছে, খাদ্যোৎপাদন সে হারে বাড়েনি, কুটির শিল্প সে অনুপাতে গড়ে ওঠেনি। কৃষি উৎপাদন পদ্ধতিতে কোনো পরিবর্তন হয়নি, মাঝখান থেকে হালের গরু হয় বেচা হয়ে গেছে, নয়তো মরে গেছে অথবা মৃত্যুর প্রতীক্ষায় আছে। একদা সচ্ছল চাষি ক্রমান্বয়ে প্রান্তিক চাষিতে এবং প্রান্তিক চাষি ভূমিহীন চাষিতে পরিণত হচ্ছেন। ভূমিহীন চাষির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং ভূমিহীনরা যে কলকারখানায় কাজ পাবেন এমন কোনো সম্ভাবনা চোখের সামনে দেখা যাচ্ছে না। গ্রাম তাঁদের ধরে রাখতে পারছে না, শহর তাঁদের নানাভাবে ডাকছে। শহরে লোকসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

শহরের বিকাশ যে সম্পূর্ণ গ্রামনির্ভর শহর এমন কথা মুখেও বলবে না। পুঁজি কৃষি উদ্বৃত্ত থেকে গড়ে ওঠেনি, নিকট ভবিষ্যতে যে উঠবে সে আশা কাগজে-কলমেও করা যাচ্ছে না। পুঁজি যেটুকু, তার মোটা অংশ বিদেশ থেকে আসে সাহায্যের আকারে, মেধা ও শ্রম বিক্রির উপার্জন হিসেবে। আমাদের শহরের উজ্জ্বলতা যেটুকু, তা পুঁজিবাদের শোরুম হিসেবে। তার সাংস্কৃতিক উল্লাস অনূদিত বটে, লোকজ নয়। শহর হচ্ছে ‘উন্নত’ দেশের অনুগত উপগ্রহ। শহর স্বাধীন নয়, শহর শিল্প গড়ে তোলে না, শুধু ব্যবসা গড়ে।

শহরের সঙ্গে গ্রামের যোগাযোগ খর্ব হয়েছে। গ্রামের ছেলে অনায়াসে শহরে এসে একেবারে ফার্স্ট অথবা সেকেন্ড হয়ে বসবে সে পথ আজ আর খোলা নেই। শহরের মধ্যেও পথ কম, অলিগলি বেশি; যেখানে পথ আছে, সেখানে যানবাহন প্রচুর নয়, যানবাহন থাকলেও সাধারণ মানুষের নাগালে নয় তারা। যাকে পাবলিক ট্রান্সপোর্ট বলি, সর্বসাধারণের জন্য যানবাহন, সে হচ্ছে উপেক্ষিত এলাকা। ঢাকার কয়টি রাস্তায় নিয়মিত বাস চলে? ফরাশগঞ্জ যাবে যে যাত্রী, সে কোন বাসে চড়ে যাবে? শহরের সঙ্গে মফস্বলের যোগাযোগ তথৈবচ। ট্রেন উপচে পড়ে, পথে উল্টে যায়। বাস চলতে চায় না, চললে এত লোক নিয়ে চলে যে তার চলাটাই বিস্ময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। লঞ্চ ডুবে যায় প্রায়ই, ডাকাতের হাতে পড়ে অহরহ। যোগাযোগব্যবস্থার এই দৈন্যদশা মানুষে-মানুষে, শ্রেণিতে যোগাযোগবিহীনতারই প্রতীক। প্রচার শ্রেণিতে ক্রমবর্ধমান দূরত্বেরই স্মারকচিহ্ন, প্রচার করে তথাকথিত মাধ্যমে গণমাধ্যমগুলোতে। শহর নিজেকে বিকল্প নয়, ক্ষতিপূরণ নয়, তারা গ্রামের কাছে, এই সব প্রচারমাধ্যমের মধ্য দিয়ে; যদিও ভান করে জনসেবার।

কিন্তু শহর বলতে কী বুঝব? শহরের সব মানুষ কি সবাই এক শ্রেণির? সেখানে কি নেই ধনী ও নির্ধন? শহরের ছেলেমেয়েরা পরীক্ষায় ভালো করে এ মিথ্যা কথা, বিত্তবানদের ছেলেমেয়েরাই ভালো করে এবং বিত্তবানরা শহরে থাকে, সত্য এটাই। সত্য হচ্ছে শ্রেণিভেদ, শহর-গ্রামের ভেদরেখার চেয়েও বড় সত্য সেটা। আসলে সেই পুরনো কথাতেই বারবার ফিরে আসতে হয়। না এসে উপায় থাকে না।

পালা-পার্বণে শহরের গরিব ও নিম্নমধ্যবিত্তরা গ্রামে ছোটে। প্রাণপণে ছোটে। নল দিয়ে ছোটা পানির মতো। দেশে যাচ্ছে। হাজার হাজার মানুষ দেশে ছুটছে। কোথায় দেশ তাদের? গ্রাম? কোনো নির্বিশেষ গ্রামে নয়, গ্রামের কোনো ধারণায় নয়। বিশেষ গ্রামে। বিশেষ গ্রামেও নয়, বিশেষ গৃহে, নিজের গৃহে। নিজের গৃহই দেশ আসলে। স্বদেশপ্রেম শেষ পর্যন্ত স্বগৃহপ্রেম। গ্রামেতে যেমন সত্য এ কথা, শহরেও তাই, শহরের মানুষ দেয়াল তোলে, একের দেয়াল অন্যের আলো কেড়ে নেয়। এক বাড়ির উচ্চতা অন্য বাড়িকে খাটো করে দেয়। গ্রামে দেয়াল নেই। তবু গৃহের উঁচু-নিচু আছে। মনের দেয়াল কম পুরু নয় সেখানে। উনিশ-বিশের চুলচেরা হিসাব গরিব মানুষ আরো বেশি করে। একই সত্য শহরে ও গ্রামে।

তারা গ্রামে যায়, কিন্তু গ্রাম তাদের ধরে রাখতে পারে না। শহরের গরিব নিম্নমধ্যবিত্তকে গ্রাম আবার ঠেলে দেয় শহরের দিকে। যত বেগে গেছিল, তার চেয়ে অধিক বেগে ফিরে আসে তারা। এসে আবার মজুর হয়, চাকর হয়, কেরানি হয়, হয় ছোট দোকানি। শহর গ্রামকে প্রায় কিছুই দেয় না, কতগুলো ভ্রান্ত ধারণা ছাড়া। কিন্তু তার উৎপন্নের বেশির ভাগ সে কেড়ে নেয়। ধান নেয়, পাট নেয়, শাক-সবজি, গরু, দুধ, মাছ—সব নেয়। গ্রাম থেকে লোকও নিয়ে আসে ধরে ধরে। শহর নয়, আনে শহরের ধনীরা। শ্রেণি শাসন করে শ্রেণিকে। প্রভু ও ভৃত্য এক গৃহে থাকতে পারে, কিন্তু এক নয় তারা এক গৃহে থাকলেই, বরং অনেক দূরবর্তী তারা পরস্পরের থেকে।

তবু গ্রাম কাছেই আছে শহরের, শুধু যে গরিব ও নিম্নমধ্যবিত্তের অর্থাৎ যারা সুযোগ পেলেই গ্রামে ছোটে তাদের কাছে নয়, যারা শহরপ্রবাসী গ্রাম্য লোক তাদের কাছেই নয়, শহরের ধনী এবং আপাত অতি আধুনিকের কাছেও। তারাও, এই ধনীরাও, লোকসংস্কৃতির ভদ্র চর্চা করে থাকে। গৃহে কলসি ও শিকা টাঙায়। বিদেশিদের কাছে দেশজ সংস্কৃতির বড়াই করে। সে তো আছেই। তার চেয়ে বেশি প্রভাবশালী আমাদের আধুনিকতা, যেটি পোশাক ও মেকআপের অধিক গভীর নয় এবং জড়িত নয় উন্নত উৎপাদন ও বণ্টন ব্যবস্থার সঙ্গে, এ কোনো বৈজ্ঞানিকতার জন্ম দেয়নি, দার্শনিকতারও নয়। এর পোশাকটা নকল, পাগলের কল্পনার মতোই ইতস্তত বিক্ষিপ্ত। সংলগ্ন ও কেন্দ্রীয় সত্যবিহীন এর তৎপরতা। এর আলো তাপ কিছু সৃষ্টি করে, আলো খুব একটা দেয় না, দিলেও দেয় শোভা হিসেবে, অন্ধকার দূর করবে এমন ক্ষমতা রাখে না, জনবিহীন পথে ও ধনীদের বিপণিকেন্দ্রেই সে শোভা পায়, দরিদ্র ছাত্রের পড়ার টেবিলে ও শ্রমিকের আশ্রয়ে সে যেতেই চায় না। এই আধুনিকতা যে দৃষ্টিভঙ্গির অন্তর্গত নয়, পালা-পার্বণে, উৎসবে তা প্রকাশ পায়। খরচ চলে সামন্ততান্ত্রিক পদ্ধতিতে, সামন্ততান্ত্রিক ক্রিয়াকর্মে। পুঁজি পরিশ্রম করতে চায় না। কেননা শ্রমের পথে সে আসেনি; এসেছে প্রতারণার পথে। শ্রমের মর্যাদার কথা আমরা অহরহ বলি বা শুনি, কিন্তু শ্রমে তো উন্নতি নেই আজকের সমাজে। শ্রমিক তো কর্তা নয় সমাজের, পরিশ্রমজীবীরা তো আদর্শ নয়, আদর্শ হচ্ছে পরশ্রমজীবীরা। অর্থই সম্মানের চাবিকাঠি এবং সেই অর্থ সৎপথে আসে না। আসলে গোটা সমাজ তার শঙ্কাহীন কণ্ঠে একটি কথাই বলছে, অর্থ উপার্জন করো, অর্থাৎ অসৎ হও! সেই সমাজই আবার তারস্বরে বলছে চেঁচিয়ে, সৎ হও, শুদ্ধ হও, আস্ফাালন করছে শাস্তি দেবে সে অসেক, অশুদ্ধকে। এই বিরোধিতার ফল কী দাঁড়াচ্ছে? তাই দাঁড়াচ্ছে যা দাঁড়ানোর কথা। প্রতারকে ছেয়ে গেছে সমাজ। অন্যায় ন্যায় হয়ে দাঁড়াচ্ছে, আর শাস্তি? কে দেবে কাকে? কার বিচার কে করে? কতজনের?

লেখক : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension